বিক্রম ব্যানার্জী, কলকাতা: টেনিসকে (Tennis) আঁকড়ে ধরে পেয়েছেন অনেক কিছু। বিশ্বমঞ্চে পরিচয়টাও করিয়ে দিয়েছে এই খেলাই। তাই তো আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নেওয়ার পরেও খেলাটাকে ভুলে যাননি তিনি। জীবনের ব্যক্তিগত স্তরে ঝরঝাপটা সামলেও টেনিসের সাথে কোনও না কোনও দিক থেকে নিজেকে জুড়ে রেখেছেন সানিয়া মির্জা (Sania Mirza)। এবার সেই টেনিস সুন্দরীই টেনিস অ্যাকাডেমির জমিতে মসজিদ বানানো সিদ্ধান্ত নিয়ে বিতর্কে জড়ালেন।
টেনিসের প্রশিক্ষণ কেন্দ্র না গড়ে মসজিদ বানানোর সিদ্ধান্ত
একাধিক রিপোর্ট অনুযায়ী, হায়দরাবাদে একটি শপিং সেন্টার রয়েছে সানিয়া মির্জার। সেই ভবনের একেবারে পাশে থাকা একটি ফাঁকা জমিতে টেনিস প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে পরিকল্পনামতো সেই কাজ না হওয়ায় শেষ পর্যন্ত জমিটি খালি না রেখে সেখানে মসজিদ বানানোর সিদ্ধান্ত নেন সানিয়া। জানা গিয়েছে, মসজিদের জন্য ওই জমি দান করার পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির যাবতীয় খরচও নিজেই বহন করবেন সানিয়া মির্জা।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সানিয়ার দান করা জমিতে মসজিদের শিলান্যাস প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর সেই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা তেলেঙ্গানার বর্তমান কংগ্রেস সরকারের মন্ত্রী মহম্মদ আজহারউদ্দিন। খোঁজ নিয়ে জানা গেল, সানিয়ার জমিটি যেখানে রয়েছে তার আশেপাশে কোনও মসজিদ না থাকায় স্থানীয় মানুষের বেশ সমস্যা হতো। এই কথা চিন্তা করেই নিজের জমিটিকে মসজিদ তৈরির জন্য দান করে দিয়েছেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন: ১ নভেম্বর থেকে মাত্র ১,৫০০ টাকায় চালু হচ্ছে বার্ষিক টোল পাস, কারা যোগ্য?
প্রসঙ্গত, ভারতীয় তারকার যে জমিটিতে টেনিস অ্যাকাডেমি বা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা হয়েছিল সেখানে কেন হঠাৎ করে মসজিদ তৈরি করা হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নেট মহলে। নেট নাগরিকদের অনেকেই সানিয়াকে উপদেশ দিচ্ছেন, মসজিদ তৈরি না করে ওই জমিতে দুস্থ মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি করাটাই শ্রেয়।










