বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড়দের টিম ইন্ডিয়ায় রান পাচ্ছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা টি-টোয়েন্টি সিরিজে ব্যর্থ হলেও জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেই ব্যাট হাতে ছন্দে ফিরেছেন ভারতের 15 বছরের কিশোর। শেষ ম্যাচে সেঞ্চুরি হাত ফসাকালেও 81 রান করে তবেই মাঠ ছেড়েছিলেন বৈভব। সেই সূত্রেই তাঁকে দেওয়া হয়েছে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার। এবার সেই বৈভবের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভিভিএস লক্ষ্মণ। গৌতম গম্ভীরের পরিবর্তে তাঁকেই জিম্বাবুয়ে সিরিজের দায়িত্ব দেওয়া হয়েছিল।
বৈভবকে নিয়ে বড় কথা বললেন লক্ষ্মণ
জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ জিতে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন লক্ষ্মণ। সেখানেই বৈভব সূর্যবংশী প্রসঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে। ভারতের প্রাক্তন ক্রিকেটার বললেন, বৈভবের মধ্যে যে প্রতিভা রয়েছে তা অনেক আগেই ধরে ফেলেছিলেন তাঁরা। একই সাথে এও জানালেন, ভবিষ্যতে বৈভব সমস্ত ধরনের বড় রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। তবে বৈভবকে বেশ কিছু ক্ষেত্রে সতর্ক করে বড় পরামর্শ দিলেন টিম ইন্ডিয়ার জিম্বাবুয়ে সিরিজের প্রধান কোচ।
লক্ষ্মণ বললেন, “বৈভবকে আমরা ভালভাবেই চিনে গিয়েছিলাম। 2024 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপের আগেই ওর মধ্যে কতটা ক্ষমতা রয়েছে বুঝে গিয়েছিলাম। ওকে নিজেকে আরও উন্নত করতে হবে। আমি চাই বৈভব সূর্যবংশী নিজের ফিটনেস আরও উন্নত করুক। সে এখনও অনেকটাই ছোট। কিন্তু তা হলেও খেলার প্রতি নিজেকে নিয়োজিত করতে সদা প্রস্তুত সে।”
এদিন ভারতীয় দলের অতিথি কোচ আরও বললেন, “আজকের ম্যাচে বাউন্ডারির কাছে ডাইভ করে ক্যাচ ধরতে গিয়ে আহত হয়েছিল, কিন্তু তাও মাঠ ছাড়তে রাজি হয়নি সে। শেষ পর্যন্ত ফিজিওর পরামর্শে তাঁকে পাঠানো হয়। এর থেকে বোঝা যায় যে ও দলের জন্য যেকোনও পরিস্থিতিতে নিজেকে উৎসর্গ করে দিতে তৈরি। ও দলের জন্য নিবেদিতপ্রাণ। গত ছয় মাসে খেলা নিয়ে ওর বোঝাপড়া অনেকটাই বেড়েছে।”
অবশ্যই পড়ুন: আবার ভারতের কাছে হারল পাকিস্তান, এবার নাক কাটা গেল কমনওয়েলথ গেমসে!
ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন বৈভব সূর্যবংশী। সে প্রসঙ্গে ভিভিএস লক্ষ্মণের দাবি, বৈভব ইংল্যান্ডের বিরুদ্ধে বাজে পারফরমেন্সের করলেও আন্তর্জাতিক ক্রিকেটেই ব্যাট হাতে প্রত্যাবর্তন করেছে। এতে অবাক হননি তিনি। বরং বৈভবের কাছ থেকে এই ধরনের ক্রিকেটই আশা করেন বলেই জানালেন জিম্বাবুয়ে সিরিজের ভারতীয় দলের কোচ।
এদিন বৈভবের প্রশংসা করলেও একটি ক্ষেত্রে বৈভবকে আরও বেশ খানিকটা উন্নতি করতে হবে বলেই জানালেন লক্ষ্মণ। বললেন, “এখনও একটা ক্ষেত্রে ওকে উন্নতি করতে হবে। সেটা হল ফিটনেস। না হলে দীর্ঘ সময় ধরে খেলতে সমস্যা হবে। এই একটা দিকেই ওকে বেশি পরিশ্রম করতে হবে। আমরা চেষ্টা করছি ও যাতে ভারত সেরা ম্যাচ উইনার হতে পারে।”










