বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় বদলেছে রাজনৈতিক রঙ। তৃণমূল সরকারের পতন ঘটিয়ে পশ্চিমবঙ্গের সিংহাসনে প্রথমবারের মতো বসেছে ভারতীয় জনতা পার্টির সরকার (Government Of West Bengal)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সাধারণ মানুষের স্বার্থে একের পর এক উন্নয়নমূলক কাজ করে চলেছে নব্য সরকার। সেই সাথে বাংলার বিভিন্ন জায়গায় তৃণমূলের নীল সাদার উপর পড়ছে গেরুয়ার প্রলেপ। সেই তালিকায় এবার জুড়ে গেল নবান্নের (Nabanna) নামও। সূত্রের খবর, এবার নবান্ন ভবনের একেবারে উপরে থাকা নবান্ন নামের ফলকটির রঙ বদল হল। নীল সাদার বদলে এবার থেকে দেখা যাবে গেরুয়া রঙের ফলক।
নবান্নের রঙ হল গেরুয়া
রাজ্যে পালাবদলের পরই একেবারে গেরুয়া আলোয় সাজানো হয়েছিল গোটা নবান্ন ভবন। নতুন সরকারের বয়স আড়াই মাসের কাছাকাছি হয়ে যেতেই রাজ্যের একাধিক জায়গায় পূর্বতন সরকারের নীল সাদা রঙের জায়গা দখল করেছে গেরুয়া রঙ। দীর্ঘ 15 বছর পেরিয়ে এবার প্রশাসনিক ভবন নবান্নেরও রঙ বদল করল সরকার। আপাতত শুধু নবান্নের গোটা ভবনের উপরে থাকা নবান্ন নামের ফলকটির রঙ পাল্টানো হয়েছে।
সোমবার সকাল সকাল নবান্ন ভবনের উপর থেকে একেবারে উধাও হয়ে গেল নীল সাদা রঙের নবান্নের ফলক। ঠিক একই জায়গায় ধরা পড়ল গেরুয়া রঙের নবান্ন লেখা এক নতুন ফলক। এছাড়া অবশ্য নবান্নের গোটা প্রশাসনিক ভবনটি আপাতত আগের নীল সাদা রঙেই রয়েছে। অনেকেরই প্রশ্ন, এবার কি গোটা নবান্নের প্রশাসনিক ভবনেরও রঙ পরিবর্তন করা হবে?
অবশ্যই পড়ুন: অবশেষে খুলছে শিলিগুড়ির বর্ধমান রোড ফ্লাইওভার, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
রাজ্যে পালাবদলের পর যেভাবে বিভিন্ন ভবনের রঙ নীল সাদা থেকে গেরুয়ায় পরিবর্তিত হচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এবার কি গোটা নবান্ন ভবনের রঙ গেরুয়া হয়ে যাবে? এ নিয়ে অবশ্য সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে কয়েকটি সূত্র দাবি করছে, এখন না হলেও পরবর্তীতে রাজ্য সরকার গোটা নবান্ন ভবনের চেহারা পাল্টে দিতে পারে। নীল সাদা রঙ সরিয়ে করা হতে পারে গেরুয়া রঙ।










