বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে পা রাখতে না রাখতেই সকলের নজর কেড়ে নিল মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও প্ল্যাটফর্মস (Jio Platforms)। 28 অক্টোবর, বুধবার ভারতীয় শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় এশিয়ার দ্বিতীয় ধনীতম ব্যক্তির সংস্থাটি। বাজারে আত্মপ্রকাশ করার পর BSE ও NSE তে জিও প্ল্যাটফর্মসের শেয়ারের দাম ছিল 1,358 টাকা। অন্যদিকে IPO ইস্যু হয়েছিল 1,119 টাকায়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বাজারে তালিকাভুক্ত হওয়ার পরেই শেয়ার প্রতি 21.36 শতাংশ প্রিমিয়াম পেয়েছে সংস্থাটি। এখন প্রশ্ন, ভারতীয় শেয়ার বাজারে পা রাখতে না রাখতে কেন এত জনপ্রিয়তা পেল জিও প্ল্যাটফর্মসের শেয়ার? এই সংস্থাকে নিয়ে কেন এত উন্মাদনা?
কেন জিওর শেয়ার ঘিরে এত উন্মাদনা?
জিওর IPO এর আকার ছিল প্রায় 30,223 কোটি টাকা। আর এই IPO বাজারে আসতে না আসতেই বিনিয়োগকারীদের তরফে ব্যাপক সাড়া পেয়েছেন মুকেশ আম্বানি। শেষ পর্যন্ত এই IPO তে 22 গুণেরও বেশি সাবস্ক্রাইব হয়েছে বলেই খবর। তালিকাভুক্তির সময়ে সংস্থাটির বাজার মূল্য দাঁড়িয়েছিল সাড়ে 12 লক্ষ কোটি টাকায়। সেই সূত্র ধরেই ভারতের দ্বিতীয় সর্বাধিক মূল্যবান তালিকাভুক্ত সংস্থা হয়ে উঠেছে জিও প্লাটফর্মস।
কিন্তু ঠিক কোন কারণে জিও প্ল্যাটফর্মসকে ঘিরে এত বেশি আগ্রহ বিনিয়োগকারীদের? বলে রাখি, 2016 সালে একেবারে সস্তায় ডেটা ও বিনামূল্যে ভয়েস কলের পরিষেবা দিয়ে ভারতের টেলিকম বাজারে বড়সড় পরিবর্তন এনেছিল জিও। বর্তমান সময়ে দাঁড়িয়ে সংস্থাটির গ্রাহকের পরিধি অনেকটাই। এই মুহূর্তে মোবাইল পরিষেবার পাশাপাশি ব্রডব্যান্ড, ডিজিটাল এন্টারটেইনমেন্ট, ক্লাউড ও এন্টারপ্রাইজ প্রযুক্তির মতো ক্ষেত্রেও ব্যবসা বাড়িয়েছে সংস্থাটি।
আরও পড়ুন: হুথি হামলায় নাজেহাল হয়ে ভারতের থেকে ১০ হাজার আর্টিলারি শেল চাইল সৌদি? দাবি রিপোর্টে
বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, প্রথমত সস্তায় পরিষেবা দিয়ে দেশের টেলিকম নেটওয়ার্ক খাতে বিপুল জনপ্রিয়তা, গ্রাহকদের বিশ্বাস, ডিজিটাল পরিষেবার সম্প্রসারণ এবং সংস্থাটির ভবিষ্যৎ আয় বৃদ্ধির সম্ভাবনাই তাদের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। এছাড়াও মুকেশ আম্বানির নিজস্ব পরিচিতি, রিলায়েন্সের মতো পুরনো সংস্থার প্রতি গ্রাহকদের বিশ্বাসও জিও প্ল্যাটফর্মসের সাফল্যের অন্যতম বড় কারণ।










