বাংলাদেশি স্টাইলে পাবদা মাছ দিয়ে বানান অভিনব পদ ‘পানিকলা’, রইল রেসিপি

Published:

Pabda Macher Panikola

প্রীতি পোদ্দার, কলকাতা: মাছ প্রিয় বাঙালির কাছে যেকোনো মাছই অমৃত সমান। তবে প্রায় সময়ই আমরা রুই, কাতলা, ভেটকি, চিংড়ি খেয়ে থাকি। তাই স্বাদে কিছুটা টুইস্ট আনতে জমিয়ে রাঁধতে পারেন পাবদা মাছ। তাও আবার বাংলাদেশি স্টাইলে একটু অন্য ধরনের রন্ধনপ্রণালীতে। যার নাম পাবদা মাছের পানিকলা (Pabda Macher Panikola)। ভাবছেন বাংলাদেশের এই বিখ্যাত রেসিপি বানাবেন কীভাবে? চিন্তা নেই, তার জন্য রইল আমাদের আজকের এই প্রতিবেদন।

উপকরণ

পাবদা মাছের পানিকলা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল – পাবদা মাছ ৫ পিস, ৪-৫ কোয়া রসুন, পেঁয়াজ কুচি, নুন, হলুদ গুঁড়ো, ধনেপাতা, কাঁচালঙ্কা, গন্ধরাজ লেবুপাতা, সাদা তেল।

আরও পড়ুন: দুধ আর কাতলা দিয়ে ঠাকুরবাড়ির স্টাইলে বানিয়ে ফেলুন এই লোভনীয় পদ, রইল রেসিপি

রান্নার পদ্ধতি

  • প্রথমে একটি ব্লেন্ডারে কয়েকটি রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচির একটি মিহি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এরপর একটি শুকনো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি এবং নুন ভালো করে মেখে নিতে হবে।
  • নুন মাখানোর পর পেঁয়াজ রসুনের মিশ্রণ ঢেলে দিতে হবে। এবার সেটিকেও ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরই হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। এক্ষেত্রে হলুদের গুঁড়োটা বেশি করে নিতে হবে। সম্পূর্ণটা ভালো করে মেখে নিতে হবে।
  • এরপর সেই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। সেটাও ভালো করে মাখিয়ে নেওয়ার পর পাবদা মাছগুলো দিয়ে দিতে হবে। মশলার সঙ্গে মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইটা এবার গ্যাসে বসাতে হবে। এক্ষেত্রে আগুনের আঁচ মাঝারি রাখতে হবে।

আরও পড়ুন: বাড়িতেই বানিয়ে ফেলুন সাবেকি মাংসের গড়গড়া, রইল রেসিপি

  • মাছের এই মিশ্রণের মধ্যে সামান্য গ্রেভির জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, তারপর সেটিকে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিতে হবে। ৫-৬ মিনিট পর মাছের গ্রেভিটা যখন ফুটতে থাকবে তখন ধনেপাতা কুচি, কাঁচালঙ্কা কুচি দিয়ে ভালো করে আরও একবার নাড়িয়ে নিতে হবে।
  • এবার পাবদা মাছটার উপরে তেল ভেসে আসলে উপর থেকে গন্ধরাজ লেবুর পাতা ছড়িয়ে দিতে হবে। তবে ২-৩ মিনিট পর পাতাটা তুলে নিতে হবে, কারণ পাতা বেশিক্ষণ রেখে দিলে তেঁতো ভাব এসে যাবে। ব্যস তাহলেই তৈরি গরম গরম পাবদা মাছের পানিকলা।
google button