প্রীতি পোদ্দার, কলকাতা: মাছের সঙ্গে বাঙালির যে একটা আত্মার সম্পর্ক তা কাউকে আর বলে বোঝাতে হয় না। কারণ পাতে এক টুকরো মাছ পড়লে, আর কোনও কিছুই লাগে না তাঁদের। তাই তো কথাতেই আছে মাছে-ভাতে বাঙালি। ছোট, বড় সব মাছই বেশ জমে যায়। তবে প্রতিদিন একই রকমের মাছের ঝোল, কালিয়া (Recipe) খেতে ভালো লাগে না। তাই স্বাদে একটু নতুনত্ব আনতে বানিয়ে ফেলতে পারেন দুধ কাতলা (Dudh Katla)। চলুন আমাদের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক।
উপকরণ
দুধ কাতলা বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল- কাতলা ৪ পিস, দুধ ৫০০ মিলি, ময়দা, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এলাচ, দারচিনি, নুন, চিনি, ঘি, সাদা তেল, মাখন।
রান্নার পদ্ধতি
মাছের মধ্যে কাতলা মাছ অন্যতম প্রিয়। কাতলা কালিয়া, দই কাতলা সহ আরও একাধিক রেসিপি বানানো যায়। তাই এমনই কাতলার আরও এক রেসিপি হল দুধ কাতলা। অনেকে হয়তো নামটাও প্রথম শুনেছেন, আসলে এটি হল ঠাকুরবাড়ির রান্না, চলুন সেই রান্নার পদ্ধতি এবার শিখে নেওয়া যাক-
- প্রথমে কাতলা মাছের পিসগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর একটি কড়াইতে সাদা তেল এবং তার মধ্যে ৪ চামচ মাখন গলিয়ে নিতে হবে। এরপর ধুয়ে রাখা মাছগুলো এক এক করে এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে।
- অন্যদিকে একটি বাটিতে সামান্য জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেড় চামচ ময়দা। ভালো করে গুলে নিতে হবে। এরপর দুটো এলাচ এবং দুটো দারচিনি গুঁড়ো করে নিতে হবে।
- এবার মাছ ভাজার সময়ই ওর মধ্যে ঢেলে দিন ৫০০ মিলি দুধ। সম্পূর্ণটা নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে এক এক করে দিন স্বাদমতো নুন, চিনি। গ্যাসের আঁচ মাঝারি রেখে এবার মাছগুলো দুধের মধ্যে অন্তত ৭-১০ মিনিট ফুটতে দিন।
আরও পড়ুন: টাটকা শোল মাছ দিয়ে বানান বিলাসিনী, স্বাদে হার মানবে অন্য পদও! রইল রেসিপি
- মাছগুলো ফুটতে থাকার সময় এবার দিয়ে দিতে হবে ময়দার মিশ্রণ, এলাচ এবং দারচিনি গুঁড়ো, দেড় চা চামচ মত শুকনো লঙ্কার গুঁড়ো, এক চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সম্পূর্ণটা পুনরায় ভালো করে মিশিয়ে নিন।
- ৬ থেকে ৭ মিনিট মাছের গ্রেভিটা ভালো করে ফুটে এলে ওপর থেকে দিয়ে দিতে হবে মাখন, গরম মশলা গুঁড়ো। তবে গরম মশলা গুঁড়ো আপনি চাইলে নাও দিতে পারেন, কিন্তু অবশ্যই ঘি দেবেন, এতে রান্নার স্বাদ আরও খুলবে। ব্যস তাহলেই তৈরি দুধ কাতলা। এটি গরম গরম ভাত অথবা পোলাও এর সঙ্গে সাইড ডিস হিসেবে দারুণ চলবে।










