কলকাতার সংস্থা Lumino Industries-এর নতুন কারখানার উদ্বোধন, ৭০০ কোটির IPO-র বড় পদক্ষেপ

Published:

LUMINO INDUSTRIES LIMITED

আনিষা চৌধুরী, কলকাতা: কলকাতার (Kolkata) বৈদ্যুতিক সরঞ্জাম ও বিদ্যুৎ পরিকাঠামো নির্মাণকারী সংস্থা Lumino Industries Limited-এর ব্যবসায়িক যাত্রার শুরু হলো এক নতুন অধ্যায়। কলকাতার গণেশ কমপ্লেক্স (Ganesh Complex) ক্যাম্পাসে সংস্থাটির নতুন কারখানা চালু হয়েছে। গণেশ কমপ্লেক্স-এর তরফে অলোক বাজোরিয়া (Alok Bajoria) সোশ্যাল মিডিয়ায় এই খবরটি প্রকাশ করেছেন। ক্যাম্পাসে বর্তমানে চালু থাকা কারখানাগুলির মধ্যে এটিই সবচেয়ে বড়। তাঁর বক্তব্য অনুযায়ী, কলকাতার মাটিতে একটি সংস্থার এই উন্নতি এবং বাণিজ্যিক সম্প্রসারণ নিঃসন্দেহে গোটা দেশের জন্য গর্বের বিষয়। পাশাপাশি, লুমিনো ইন্ডাস্ট্রিজ-এর গোটা দলকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আরও সাফল্যের কামনা করেছেন তিনি।

লুমিনো ইন্ডাস্ট্রিজের বড় পদক্ষেপ

সম্প্রতি শেয়ারবাজারে প্রবেশ করে নজর কেড়েছে লুমিনো ইন্ডাস্ট্রিজ, আর তার মাঝেই এই নতুন কারখানা উদ্বোধনের খবর সংস্থাটিকে উন্নয়নের চূড়ায় পৌঁছে দিয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে সংস্থাটি ৭০০ কোটির IPO সম্পন্ন করে এবং ৩ সেপ্টেম্বর BSE ও NSE-তে শেয়ার তালিকাভুক্ত হয়। IPO-তে ৫০০ কোটি টাকার নতুন শেয়ার ইস্যু এবং ২০০ কোটি টাকার অফার ফর সেল ছিল। সংস্থাটির এই বাজারে প্রবেশ এবং পরবর্তী ব্যবসায়িক অগ্রগতি বর্তমানে শিল্পমহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এদিকে, IPO-র পরেও নতুন অর্ডার পাওয়ার ক্ষেত্রেও সংস্থার বিরাট অগ্রগতি দেখা গিয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্তির পর লুমিনো ইন্ডাস্ট্রিজ মোট ৪৯৬ কোটি টাকার নতুন অর্ডার পেয়েছে। এর মধ্যে ৩৩৯ কোটি টাকার অর্ডার কন্ডাক্টর ও কেবল উৎপাদনের জন্য এবং ১৫৭ কোটি টাকার অর্ডার বিদ্যুৎ বণ্টনের ভূগর্ভস্থ নেটওয়ার্ক উন্নয়নের EPC কাজের সঙ্গে যুক্ত। এই অর্ডারগুলির ফলে সংস্থার মোট অর্ডার বুক বেড়ে দাঁড়ায় ৩,২১৫ কোটি। উচ্চক্ষমতাসম্পন্ন কন্ডাক্টর, HT ও LT কেবল এবং রেলওয়ে সিগন্যালিং কেবলের মতো পণ্যও সংস্থার উৎপাদন ও সরবরাহের পরিসরের অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: গোয়ালপোখরের পামোলে দুর্গামন্দিরে হামলার অভিযোগ, ঘটনার তীব্রতায় উত্তপ্ত এলাকা

বিদ্যুৎ সঞ্চালন ও বণ্টন পরিকাঠামোর চাহিদা বৃদ্ধির মধ্যে সংস্থার এই সম্প্রসারণ বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সংস্থাটির হাওড়ায় ইতিমধ্যেই দুটি উৎপাদন কেন্দ্র রয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, রানিহাটিতে আরও একটি উৎপাদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যার মাধ্যমে পর্যায়ক্রমে অ্যালুমিনিয়াম ব্যবহারের বার্ষিক সক্ষমতা ৪০ হাজার টন থেকে বাড়িয়ে ৭৫ হাজার টনে নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে। এই পরিস্থিতিতে গণেশ কমপ্লেক্স-এ নতুন কারখানা চালুর খবর কলকাতার শিল্পক্ষেত্রে উন্নয়নের একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠল।

google button