টাটকা শোল মাছ দিয়ে বানান বিলাসিনী, স্বাদে হার মানবে অন্য পদও! রইল রেসিপি

Published:

Shol Macher Bilasini

প্রীতি পোদ্দার, কলকাতা: চারিদিকে এখন শীত শীত ভাব পড়ে গিয়েছে, এইসময় বাজারে গেলেই দেখা যায় হরেক রকমের সবজি, মাছ। অনেক সময় সকালের দিকে বেশ টাটকা শোল মাছ পাওয়া যায়। কখনও কি শোল মাছের বিলাসিনী (Shol Macher Bilasini) খেয়েছেন? যদিও বাঙালিদের হেঁশেলে এই রান্না (Recipe) নতুন নয়। একেক জনের কাছে একেক নামে পরিচিত। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে এই রেসিপিটি জেনে নেওয়া যাক বিস্তারিত।

উপকরণ

শোল মাছের বিলাসিনী (Shol Macher Bilasini) বানানোর জন্য যে যে উপকরণ দরকার সেগুলি হল- শোল মাছ, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, দুধ, সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গরম মশলা গুঁড়ো, ঘি।

রান্নার পদ্ধতি

  • প্রথমে বাজার থেকে আনা শোল মাছগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে এরপর মাছের টুকরো গুলোকে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে অন্তত ১৫ থেকে ২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। অন্যদিকে এক বাটি দুধের মধ্যে সামান্য সর্ষের তেল ভালো করে ফেটিয়ে রাখতে হবে।
  • এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের টুকরাগুলোকে ভেজে নিতে হবে এক এক করে। দুপিঠ ভালো করে ভেজে নেওয়ার পর মাছগুলো আলাদা পাত্রে তুলে ওই একই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিতে হবে।

আরও পড়ুন: শুধু খিচুড়ি-লাবড়া নয়, লক্ষ্মীপুজোয় বানিয়ে ফেলুন ফুলকপির মালাইকারি, রইল রেসিপি

  • মশলাগুলো তেলে সামান্য ভাজা হয়ে এলে এবার ওর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ২-৩ মিনিট পর এবার ওর মধ্যে এক এক করে নুন, চিনি, হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ৭-৮ মিনিট ধরে মশলা কষাতে হবে।
  • মশলা কষানোর পর দুধ এবং সর্ষের তেলের মিশ্রণটা ঢেলে নিতে হবে। গ্রেভিটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। ২-৩ মিনিট ঝোল ফোটার পর ওপর থেকে গরমমশলা গুঁড়ো এবং ঘি ছড়িয়ে দিলেই তৈরি শোল মাছের বিলাসিনী। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে।
google button