শুধু খিচুড়ি-লাবড়া নয়, লক্ষ্মীপুজোয় বানিয়ে ফেলুন ফুলকপির মালাইকারি, রইল রেসিপি

Published:

Cauliflower Malaikari

প্রীতি পোদ্দার, কলকাতা: কোজাগরী লক্ষ্মীপুজো মানেই মায়ের ভোগের (Lakshmi Puja Special Recipe) জন্য থাকবে অসংখ্য নিরামিষ পদ। খিচুড়ি, পায়েস, লাবড়া, চাটনি, বেগুনি এসব তো আছেই। তবে লুচি বা পরোটার সঙ্গে আলুর দম না বানিয়ে করে ফেলতে পারেন ফুলকপির মালাইকারি (Cauliflower Malaikari)। এমনিতেই বাজারে এখন প্রচুর পরিমাণে ফুলকপি উঠেছে, তাই তরকারি বা ঝোল না বানিয়ে এভাবেই বানিয়ে ফেলতে পারেন ফুলকপির মালাইকারি।

উপকরণ

ফুলকপির মালাইকারি বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সেগুলি হল – ফুলকপি, নুন, সাদা তেল, ঘি, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, আদা বাটা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গুঁড়ো দুধ, টক দই, নারকেল কোরা, চিনি, নারকেলের দুধ।

রান্নার পদ্ধতি

ফুলকপির মালাইকারি বাঙালি হেঁশেলের এক ঐতিহ্যবাহী পদ। সাধারণত যে কোনও পুজো বা উৎসবের সময়ে বানানো হয় এটি। তাই যেহেতু সামনেই লক্ষ্মীপুজো, সেক্ষেত্রে মায়ের ভোগে করে ফেলতে পারেন নিরামিষ মালাই ফুলকপি। রইল পদ্ধতি-

  • প্রথমে ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এবার একটি কড়াইতে জল গরম করে ওর মধ্যে ফুলকপিগুলো সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই সেদ্ধ করার সময় নুন দিয়ে দিতে হবে।
  • ৮-৯ মিনিট পর এবার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে এলে এবার জল থেকে তুলে আলাদা পাত্রে রেখে দিতে হবে। এরপর কড়াইতে সামান্য সাদা তেল গরম করে ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিতে হবে। ঘি-টা গলে গেলে এবার দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে নিতে হবে।
  • হালকা ভাজা ভাজা হয়ে এলে এবার সামান্য আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ২ মিনিট পর সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো। ২-৩ মিনিট পর কাঁচালঙ্কা কুচি দিয়ে দিতে হবে।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোর ভোগে খিচুড়ির সঙ্গে বানান সুস্বাদু ময়মনসিংহের লাবড়া, রইল রেসিপি

  • অন্যদিকে একটি বাটিতে টক দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ, এরপর সেটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর ভাজা ফুলকপি এবং মশলার মধ্যে টক দইয়ের মিশ্রণটা ঢেলে দিতে হবে। সম্পূর্ণটা ভালো করে মাখিয়ে নেওয়ার ৭-৮ মিনিট পর নারকেল কোরা ঢেলে দিতে হবে।
  • ফুলকপিগুলো মশলার মিশ্রণের সঙ্গে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ৫-৬ মিনিট পর এবার চিনি এবং নুন দিয়ে দিতে হবে। গ্রেভিটা কিছুক্ষণ ফোটার পর দিয়ে দিতে হবে নারকেলের দুধ। এবার ভালো করে ফুটিয়ে নেওয়ার পরেই তৈরি ফুলকপির মালাইকারি। নামানোর পর ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে দিতে হবে।
google button