লক্ষ্মীপুজোর ভোগে খিচুড়ির সঙ্গে বানান সুস্বাদু ময়মনসিংহের লাবড়া, রইল রেসিপি

Published:

Mymensingh Labra

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই আসছে কোজাগরী লক্ষ্মীপুজো (Lakshmi Puja 2026)। ঘরে ঘরে এদিন দেবী লক্ষ্মীকে যেমন লুচির ভোগ দেওয়া হয়, ঠিক তেমনই আবার অনেকের বাড়িতে অন্নভোগও দেওয়া হয়। সেই কারণে খিচুড়ি ভোগ বেশ জনপ্রিয়। আর তার সঙ্গে দেওয়া হয় লাবড়া, যার কোনও বিকল্প হয় না। কিন্তু অনেকেই লাবড়া (Labra Recipe) করার সময় নানা ভুল করে বসে, ঠিকমতো সবজি সেদ্ধ হয়ে না। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক অনবদ্য রেসিপি, আর সেটি হল ময়মনসিংহের লাবড়া (Mymensingh Labra)। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

উপকরণ

ময়মনসিংহের লাবড়া বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হল- শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষে বাটা, পাঁচফোড়ন, আদা বাটা, আলু, ফুলকপি, রাঙা আলু, মুলো, কুমড়ো, পটল, বেগুন, ঝিঙে, বাঁধাকপি, মুলো শাক, পালং শাক, নুন, চিনি, ঘি, গরমমশলা, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

হিন্দু বাঙালির নানা পূজা-পার্বণে ভোগের তালিকায় বরাবর জায়গা করে নিয়েছে এই সুস্বাদু নিরামিষ তরকারি লাবড়া। সমস্ত রকম সবজি দিয়ে বানানো এই তরকারির স্বাদ গরম গরম খিচুড়ির সঙ্গে যেন আলাদাই কম্বো তৈরি করে। তার উপর লক্ষ্মীপুজোয় গোবিন্দভোগ খিচুড়ির সঙ্গে লাবড়া না থাকলে ব্যাপারটা একেবারে জমে না। তাই আজ রইল সাবেকি সেই রেসিপি বানানোর পদ্ধতি

  • প্রথমে কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা চিরে ভেজে নিতে হবে। এরপর ওর মধ্যে সামান্য পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। এর ১-২ মিনিট পর দিয়ে দিতে হবে আদা বাটা। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
  • আদার কাঁচা গন্ধ দূর হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে আলু এবং ফুলকপি। অন্যদিকে একটি বাটিতে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো এবং সামান্য জল দিয়ে গুলে নিতে হবে।
  • আলু এবং ফুলকপির সামান্য ভাজা হয়ে এলে ওর মধ্যে মশলার মিশ্রণটা দিয়ে দিতে হবে। মাঝারি ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে। সামান্য তেল ছাড়তেই এবার ওর মধ্যে রাঙা আলু এবং মুলো দিয়ে দিতে হবে।

আরও পড়ুন: চেনা মিষ্টি ছেড়ে এবার বাড়িতেই বানান দুধের হালুয়া, রইল রেসিপি

  • সবজিগুলো হালকা ভেজে ভেজে এলে এবার ওর মধ্যে কুমড়ো এবং পটল গুলো দিয়ে দিতে হবে। ভালো করে মশলা কষানোর পর এবার অল্প টুকু জল দিয়ে দিতে হবে। এরপর বেগুন, ঝিঙে, বাঁধাকপি, মুলো শাক, পালং শাক দিয়ে পুরোটা আবার মাখিয়ে নিতে হবে।
  • সবজিগুলো মশলার সঙ্গে কষানোর সময় সামান্য নুন এবং কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে হবে এবং একদম কম আঁচে রান্নাটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। ১০ মিনিট পর মশলাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন দুই চামচ সর্ষে বাটা এবং চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।
  • সবকিছু ভালো করে মাখিয়ে নেওয়ার পর উপর থেকে ছড়িয়ে দিতে হবে ঘি এবং গরমমশলা ছড়িয়ে দিতে হবে। যদি কেউ মনে করেন এর সঙ্গে ভাজা মশলা ছড়িয়ে দিতে পারেন। ব্যস তাহলেই তৈরি গরম গরম ময়মনসিংহের লাবড়া। ভোগের পাতে খিচুড়ির সঙ্গে এই লাবড়া বেশ জমে যাবে।
google button