আনিষা চৌধুরী, কলকাতা: মোবাইল (Phone) ফোনে SIM (Subscriber Identity Module) কার্ড পরিবর্তন করার সময় অনেকেই বুঝতে পারেন না, ফোনটি আগে বন্ধ করা জরুরি কি না। পূর্বে ফোনের পিছনের কভার খুলে ব্যাটারি বের করে সিম পরিবর্তন করতে হতো। ফলে ফোনটি নিজের থেকেই অফ হয়ে যেত। বর্তমানে আধুনিক স্মার্টফোনে SIM বদলানোর পদ্ধতি আগের তুলনায় অনেক সহজ হলেও, কিছু সতর্কতা অবশ্যই মেনে চলা দরকার। ফোন চালু রেখে SIM পরিবর্তন করা সম্ভব, কিন্তু নিরাপদ পদ্ধতি হিসেবে আগে ফোন বন্ধ করে নেওয়াই ভালো।
SIM কার্ড লাগানোর সঠিক পদ্ধতি
অনাকাঙ্ক্ষিত সমস্যা এড়িয়ে চলতে ফোন বন্ধ করার পর SIM ট্রে বের করে পুরনো কার্ডটি খুলে নতুন SIM বসাতে উচিত। এরপর ট্রেটি সাবধানে ফোনের মধ্যে ঢুকিয়ে ডিভাইস চালু করুন। ফোন চালু হওয়ার পর নতুন SIM শনাক্ত করতে এবং মোবাইল নেটওয়ার্কে সংযোগ স্থাপন করতে কিছুটা সময় লাগতে পারে। নেটওয়ার্ক না এলে SIM ঠিকভাবে বসানো হয়েছে কি না, সেটি পরীক্ষা করে নিন।
এই বিষয়গুলি মাথায় রাখুন
তবে SIM পরিবর্তনের সময় শুধু ফোন বন্ধ করলেই হবে না, আরও কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি।
- SIM ট্রে খোলার জন্য ফোনের সঙ্গে দেওয়া ইজেক্টর পিন ব্যবহার করুন। অন্য কোন পিন বা সেফটি পিন ব্যবহার করা নিরাপদ নয়।
- ভুল ছিদ্রে পিন ঢোকালে ফোনের মাইক্রোফোন বা অন্য কোনও অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
- SIM কার্ডের সোনালি অংশ স্পর্শ করা, কার্ড জোর করে ট্রেতে ঢোকানো বিপজ্জনক হতে পারে।
- ভেজা হাতে SIM পরিবর্তন করবেন না।
এখন অনেক আধুনিক স্মার্টফোনে ফোন চালু রেখেই SIM পরিবর্তনের সুবিধা রয়েছে। এই পদ্ধতিকে সাধারণভাবে হট-সোয়াপিং (Hot-swapping) বলা হয়। তবে সব ফোনে একই সুবিধা বা একই ধরনের SIM ব্যবস্থাপনা থাকে না। তাই নিজের ডিভাইসের নির্দেশিকা অনুসরণ করাই সবচেয়ে ভালো। ফোন বন্ধ করা সম্ভব না হলে, নির্মাতার নির্দেশ অনুযায়ী Airplane Mode চালু করে SIM পরিবর্তন করতে পারেন।
SIM পরিবর্তনের পরও যদি ফোনে নেটওয়ার্ক না আসে, তাহলে প্রথমে কার্ডটি ঠিকভাবে বসানো হয়েছে কি না এবং SIM সক্রিয় রয়েছে কি না, তা পরীক্ষা করে নিন। প্রয়োজনে ফোন একবার রিস্টার্ট করা যেতে পারে। তাতেও সমস্যা না মিটলে নিজের থেকে ফোনে কোনও খোঁচাখুঁচি না করে নিকটবর্তী মোবাইল পরিষেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করুন।
আরও পড়ুন: ট্রেনে বসেই এবার হাতে পাবেন জরুরি সামগ্রী, নয়া পরিষেবা শুরু করল রেল
SIM বদলানোর জন্য প্রতিটি স্মার্টফোনে ফোন বন্ধ করা বাধ্যতামূলক নয়। কিন্তু ডিভাইসের নির্দেশিকা মেনে ফোন বন্ধ করে SIM পরিবর্তন করলে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়ানো এবং সমগ্র প্রক্রিয়াটি নিরাপদে সম্পন্ন করা সহজ হয়।










