অবসর নিলেন মোহনবাগানে খেলা স্ট্রাইকার, কারণ জানুন

Published:

Mohun Bagan Striker

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবসর নিয়ে নিলেন মোহনবাগানে (Mohun Bagan) খেলা প্রাক্তন স্ট্রাইকার আর্মান্দো সাদিকু (Armando Sadiku)। আলবানিয়ার জাতীয় দলের অন্যতম সেরা সেন্টার ফরোয়ার্ড ছিলেন তিনি। মোহনবাগানের হয়ে ভারতীয় ফুটবলে মাঠ কাঁপানো এই তারকা 35 বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে নতুন ভূমিকায় পদার্পণ করতে চলেছেন। জানা যাচ্ছে, সুইজারল্যান্ডের ক্লাব বেলিনজোনার স্পোর্টস ডিরেক্টর হিসেবে নতুন ইনিংস শুরু করবেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার।

ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত কেন?

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন মোহনবাগানে খেলা সাদিকু। তিনি লিখেছেন, “ধন্যবাদ ফুটবল! খুব মিস করব তোমায়।” সমাজ মাধ্যমে নিজের ফুটবল জীবনের নানান মুহূর্ত একটি ভিডিও আকারে পোস্ট করেছেন প্রাক্তন ফুটবলার। জানা গিয়েছে, খেলার মাঠ থেকে বেরিয়ে ক্লাব পরিচালনার দায়িত্ব সামলাবেন বলেই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বলাই বাহুল্য, নিজের ফুটবল জীবনে একাধিক স্মরণীয় মুহূর্ত ভক্তদের উপহার দিয়েছেন সাদিকু। তবে তাঁর নিজের কাছে বোধহয় সবচেয়ে সেরা মুহূর্ত ছিল 2016 সালে ফ্রান্সে আয়োজিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সেই আসরে রোমানিয়ার বিরুদ্ধে মাঠে নেমে গোল করেছিলেন সাদিকু। সেই গোলেই জয় পেয়েছিল আলবানিয়া। একেবারে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই সফল হয়েছিল দলটি। সেই স্মৃতি মনে থাকবে প্রাক্তন ফুটবলারের।

আরও পড়ুন: সৌদি আরবে এক ভারতীয়র প্রাণ নিল হুথিরা, ক্ষেপণাস্ত্র হামলায় নিহত আরও এক

প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে এক ডজন গোল করা সাদিকু মোহনবাগানে এসেছিলেন 2023-24 মরসুমে। সবুজ মেরুন জার্সি গায়ে 22 ম্যাচে অংশ নিয়ে আটটি গোল করেছিলেন তিনি। তাঁকে নিয়েই সেই মরসুমে ডুরান্ড কাপ এবং ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান। এহেন একজন খেলোয়াড়ের অবসরের খবর জানতে পেরেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছে মোহনবাগান। বাগানের তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা হয়েছে, “স্মৃতিগুলোর জন্য তোমাকে ধন্যবাদ সাদিকু। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা রইল।”

google button