আজ থেকেই খেলা ঘুরবে আবহাওয়ার? তাপপ্রবাহের মধ্যে দক্ষিণবঙ্গের ৫ জেলায় তেড়ে বৃষ্টি

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: ঝড় বৃষ্টি হলেও তীব্র দহনজ্বালায় জ্বলছে দক্ষিণবঙ্গ। সকাল হোক বা বিকেল, বাড়ি থেকে বেরনো দায় হয়ে পড়েছে। বৃষ্টি, কালবৈশাখী কই? এখন এই প্রশ্ন সকলের। জেলায় জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। আজ শনিবার সকাল থেকেও গরমের তীব্রতা রয়েছে। যদিও মাঝে মাঝে কালো মেঘ আকাশে জমাট বাঁধছে। তবে কি আজ থেকে আবহাওয়ার (Weather Today) খেলা ঘুরতে চলেছে? বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি নামতে চলেছে আজ? চলুন জেনে নেবেন আবহাওয়া দফতরের পূর্বাভাস সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ থেকে নতুন করে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শনিবার মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে খবর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধি পাবে। এর পরবর্তী দু’দিনে তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

আবারো একটি নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে উত্তর বিহার থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা ঝাড়খণ্ড ও অভ্যন্তরীণ ওড়িশা অতিক্রম করে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। অপরদিকে উত্তর উপকূলীয় ওড়িশা ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি উচ্চতায় একটি উর্দ্ধবায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি সহযোগে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইবে বলে খবর। বাকি জেলা যেমন কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত, সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।

আরও পড়ুনঃ ট্রাম্পের নিষেধাজ্ঞা থোড়াই কেয়ার! রাশিয়া থেকে তেল কিনবেই ভারত, জানাল সরকারি সূত্র

আগামীকালের আবহাওয়া

রবিবার ছুটির দিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা এদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ভ্রূকুটি রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।