প্রীতি পোদ্দার, কলকাতা: আপাতত শরৎ পেরিয়ে আনুষ্ঠানিকভাবে হেমন্ত শুরু হয়ে গিয়েছে। বিদায় নিয়েছে বর্ষাও। কিন্তু জায়গা ছাড়ছে না নিম্নচাপ (Low Pressure), জানা গিয়েছে ফের এই নিম্নচাপের প্রভাবে নাকি দক্ষিণবঙ্গে (South Bengal) বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তার প্রভাবে আগামী সপ্তাহ থেকেই বদলে যাবে আবহাওয়া। তবে আগামীকাল (Weather Tomorrow) শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
আজকের আবহাওয়া
আন্দামান সাগরের উত্তর-মধ্য অংশে যে ঘূর্ণাবর্ত ছিল, তা নিম্নচাপে পরিণত হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আজ শুক্রবার দুপুরে, সাগরে তৈরি হওয়া নিম্নচাপটির পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২৫ অক্টোবর আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। তবে এখন সেই নিয়ে কোনো চূড়ান্ত মতামত পাওয়া যায়নি। আজও মোটের উপর শুকনো আবহাওয়া বিরাজ করছে দক্ষিণবঙ্গে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল শনিবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। সকাল থেকেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। রাতের দিকে সামান্য কমবে তাপমাত্রা। তবে এটি বেশিদিন স্থায়ী থাকবে না। কারণ আগামী মঙ্গলবার থেকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হতে পারে বজ্রপাত। তবে কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তাপমাত্রার বড়সড় পরিবর্তনও আপাতত হচ্ছে না।
আগামীকাল কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আগামীকাল, শনিবার কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার রোদের দেখা মিলবে। আপাতত লক্ষ্মীপুজো পর্যন্ত এখানে বৃষ্টির পূর্বাভাস নেই। উল্টে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় রাতের দিকে তাপমাত্রা বেশ খানিকটা কম অনুভূত হবে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: দিল্লির পর মুম্বই, হুমকি মেলে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি! নিশানায় দিলজিতের অনুষ্ঠানও
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামী সপ্তাহে উপরের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এমনকি বজ্রপাতের পূর্বাভাসও রয়েছে। তবে এখনই তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। তবে আপাতত এখানে থাকবে একেবারে শুষ্ক এবং মনোরম আবহাওয়া।










