প্রীতি পোদ্দার, কলকাতা: আজ চতুর্থী, শারদোৎসবের আনন্দে গা ভাসাতে শুরু হয়ে গিয়েছে প্যান্ডেল হপিং। কলকাতার নামকরা পুজো মণ্ডপে ভিড় যেন উপচে পড়ছে কিন্তু এমতাবস্থায় বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, আগামীকাল (Weather Tomorrow), পঞ্চমীর দিনেও দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও (North Bengal) রয়েছে সতর্কতা।
আজকের আবহাওয়া
চতুর্থীর বিকেলেই আবহাওয়ার ভোলবদল। মুষলধারে বৃষ্টি নেমেছে জেলায় জেলায়। উত্তর ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে পুজোর আনন্দে ভাটা পড়েছে। বাদ যায়নি কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে, সেখানেও হয়েছে অঝোরে বৃষ্টি। আগামীকাল, বৃহস্পতিবার ও আগামী শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকলেও মাঝেমধ্যে আংশিক কালো মেঘের আনাগোনা দেখা যাবে। কোন কোন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উপকূলীয় এবং তার সংলগ্ন জেলাগুলোতেই প্রাক-পুজো বৃষ্টির প্রভাব সবথেকে বেশি। তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। এমনকি এখনও পর্যন্ত পুজোর দিনগুলিতে ঝড়বৃষ্টির বড় কোনও সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।
কলকাতায় আগামীকালের আবহাওয়া
পঞ্চমীর দিন সকাল থেকেই কলকাতায় মেঘমুক্ত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গেলেও বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হবে। তাই পঞ্চমীর সন্ধ্যেতে প্যান্ডেল হপিং এর পরিকল্পনা থাকলে ছাতা নিয়ে বেরোন।
আরও পড়ুন: পুজোর সময়েই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হাওড়ার ১৪টি ফেরি ঘাট! কারণ কী?
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির আমেজ থাকলেও উত্তরবঙ্গেও মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে বলেই আশা করা যাচ্ছে। অষ্টমীর দিন থেকে একাদশী পর্যন্ত আবহাওয়া সম্পূর্ণ শুকনো থাকার পূর্বাভাসও দেওয়া হয়েছে। কেবল দ্বিতীয় সপ্তমীর দিনে পার্বত্য অঞ্চলে সামান্য হালকা বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির কোনও সতর্কতা জারি হয়নি।










