প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের গরমে ফুটছে দক্ষিণবঙ্গ। সকাল থেকেই তেড়েফুঁড়ে চড়ছে রোদ। আর বেলা বাড়তেই চোখ রাঙাচ্ছে তাপপ্রবাহ। সবমিলিয়ে এই অসহ্য প্যাচপ্যাচে গরমে খুবই অসহনীয় অবস্থা আট থেকে আশির। তবে এসবের মাঝেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস। আগামীকাল (Weather Tomorrow) রবিবার থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে সম্প্রতি উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটা ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। যার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে। শুধু তাই নয়, ঘূর্ণাবর্তের পাশাপাশি একটা নিম্নচাপ অক্ষরেখাও তৈরি হয়েছে। যার ফলে আগামী বেশ কয়েক দিন হাওয়া বদলের একটি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা। চলুন এক নজরে জেনে নেওয়া যাক উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ রবিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। বেলা বাড়তেই রোদের তেজ বাড়বে। তবে আগামীকাল থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, পুরুলিয়া ও নদিয়ার কয়েকটি এলাকায় বজ্রপাত সহ ঝড়-বৃষ্টির দাপট দেখা যেতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতেও ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আশঙ্কা করা হচ্ছে গুমোট গরম কাটিয়ে এই বৃষ্টি কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে।
আরও পড়ুন: গরমে যাত্রীদের বিনামূল্যে জল, ৯০০ স্পেশাল ট্রেনও চালাবে রেল
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে ব্যাপক গরম থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ রবিবারও কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ এখনই খুব বেশি গরমের সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে।










