উত্তাল হবে সাগর, ফুঁসছে নিম্নচাপ! ৪ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: টানা বৃষ্টিতে নাজেহাল বঙ্গবাসী। মে মাসের বাজে গরম নয়, উল্টে বর্ষাকালের মতো ঝড় বৃষ্টি হচ্ছে সর্বত্র। এখন গ্রীষ্মকাল না বর্ষাকাল বোঝা দায়। আজ সোমবারও রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা (Weather Today)। এদিকে বঙ্গোপসাগর নাকি ফুঁসতে শুরু করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। এতে আগামী সপ্তাহ জুড়েই রাজ্যের বেশিরভাগ জেলায় বৃষ্টি বাড়তে পারে। অর্থাৎ দুর্যোগ ধেয়ে আসছে আবারও। যাইহোক, আজ সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সেটা জানতে চোখ রাখুন আর্টিকেলটির ওপর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমে আসা যাক আজ সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই কেমন থাকবে সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সর্তকতা। বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই বিষয়ে। এদিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার জলপাইগুড়ি, কোচবিহার জেলায়। বৃষ্টি পাশাপাশি রয়েছে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাসও।

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উপ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী অঞ্চলের ওপর জারি রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও দক্ষিণ পূর্ব রাজস্থান ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায় যে কারণে প্রবল ঝড়-বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েক দিন দুর্যোগের ভ্রূকুটি রয়েছে সমগ্র বাংলাজুড়ে।

আগামীকালের আবহাওয়া

নিশ্চয়ই ভাবছেন মঙ্গলবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? দক্ষিণবঙ্গের কথা বললে এদিন বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও। মঙ্গলবার থেকে টানা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর  জেলায়। বৃষ্টির পাশাপাশি হতে পারে ঝড়।