অনন্যা সরকার, কলকাতা: উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করার জন্য সরকার একাধিক বাস পরিষেবা চালু করেছে। এর মধ্যে অন্যতম হল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC) পরিচালিত বাঁকুড়া থেকে শিলিগুড়িগামী নন-এসি সরকারি বাসটি (Bankura Siliguri Bus)। উত্তরবঙ্গ ভ্রমণের জন্য বাঁকুড়ার বাসিন্দাদের কাছে এটি একটি সুবিধাজনক ও সাশ্রয়ী বিকল্প। আসুন তাহলে এই এসবিএসটিসি বাসের রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক।
বাঁকুড়া – শিলিগুড়ি বাসের রুট ও সময়সূচি
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা পরিচালিত এই বাসটি বাঁকুড়া থেকে যাত্রা শুরু করে বেলিয়াতোড় – বড়জোড়া – দুর্গাপুর সিটি সেন্টার – মুচিপাড়া – ইলামবাজার – সিউড়ি – রামপুরহাট – নলহাটি – মোরগ্রাম – ওমরপুর – ধুলিয়ান – ফারাক্কা – মালদা – গাজোল – ইটাহার – রায়গঞ্জ – ডালখোলা, কিশনগঞ্জ – ইসলামপুর – বাগডোগরা অতিক্রম করে শিলিগুড়িতে পৌঁছাবে।
শিলিগুড়ি যাওয়ার সময় বাসটি বাঁকুড়া ডিপো থেকে বিকেল ৩:০০ টায় এবং দুর্গাপুর সিটি সেন্টার থেকে বিকেল ৫:১৫-এ ছাড়ে। আর বাঁকুড়ায় ফেরার সময় বাসটি প্রতিদিন বিকেল ৪:০০ টায় শিলিগুড়ির তেনজিং নোরগে টার্মিনাস থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।
আরও পড়ুন: দুর্গাপুজোর ৬ দিনে কলকাতা বিমানবন্দরে ৩.৫ লক্ষ যাত্রী! রেকর্ড ভিড় ছিল সপ্তমীতেই
এই রুটে বাঁকুড়া ডিপোর একটি অশোক লেল্যান্ড ভাইকিং বিএস-৬ (Ashok Leyland Viking BS-VI) বাস যুক্ত করা হয়েছে। জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে যাতায়াতকে আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যে পরিবহন দফতর এই উদ্যোগ নিয়েছে। এর ফলে বাঁকুড়া জেলার পর্যটক ও সাধারণ যাত্রীরা সহজে ও কম খরচে উত্তরবঙ্গে ভ্রমণ করতে পারেন। আর যেহেতু এসবিএসটিসি সরকারি সংস্থা, তাই এই বাসে মহিলার বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।










