আনিষা চৌধুরী, কলকাতা: এক ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, আবারও কি ঘূর্ণিঝড়ের মুখে পড়তে চলেছে দেশ? এই উৎসবের মরশুমে আবহাওয়ার দিকেই নজর দেশবাসীর। দক্ষিণ আন্দামান সাগরে (South Andaman Sea) তৈরি হওয়া নতুন আবহাওয়াব্যবস্থার (Weather) গতিবিধি পর্যবেক্ষণ করছে ভারতীয় আবহাওয়া দফতর (India Meteorological Department)। অর্ণবের থেকেও কি ভয়ংকর হতে চলেছে এই ঘূর্ণিঝড় (Cyclone)?
দক্ষিণ আন্দামান সাগরে নতুন নিম্নচাপ
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবর সকাল সাড়ে ৫টা নাগাদ দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এই নিম্নচাপ পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে এগোবে, পরবর্তী ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে গভীরতর হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, আগামী ৪৮ ঘণ্টা এই আবহাওয়াব্যবস্থার গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
বিভিন্ন আবহাওয়াবিষয়ক রিপোর্টে দক্ষিণ আন্দামান সাগরের নতুন এই নিম্নচাপ ঘিরে সম্ভাব্য শক্তিবৃদ্ধির বিষয়টি সামনে এসেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কিছু আবহাওয়া মডেল ব্যবস্থাটির শক্তি বাড়ার ইঙ্গিত দিলেও অধিকাংশ এনসেম্বল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল সেটির উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দু’দিনের মধ্যে দুর্বল হওয়ার দিকেই ইঙ্গিত করেছে। অন্যদিকে, গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (GFS)-এর কিছু পূর্বাভাসে আবার শক্তিবৃদ্ধির ইঙ্গিত রয়েছে। ফলে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরি হতে পারে কি না, তা নিয়ে নজরদারি চলছে।
আরও পড়ুন: কালীপুজোয় নির্দিষ্ট সময়ে বাজি পোড়ানো থেকে একাধিক নিষেধাজ্ঞা, নির্দেশিকা নবান্নর
এদিকে, সাম্প্রতিক ঘূর্ণিঝড় অর্ণব স্থলভাগে প্রবেশের পর ক্রমশ শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ছে। IMD-র ২৯ অক্টোবরের বুলেটিন অনুযায়ী, অর্ণব গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। পরে সেটি আরও দুর্বল হয়ে নিম্নচাপ এবং সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার কিছু এলাকায় এর প্রভাবে বৃষ্টি হয়েছে। অর্ণবের দুর্বল হতে না হতেই ফের দক্ষিণ আন্দামান সাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়া নিয়ে যে ভালোই উদ্বেগ তৈরি হয়েছে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: ‘এক পা নেই, সাইকেল দিন রোজ স্কুলে আসব’ রাগিণী আবদার করতেই যা করলেন ডিএম
বাংলায় কি প্রভাব ফেলবে এই নিম্নচাপ?
নতুন নিম্নচাপটি পরবর্তী সময়ে কোন দিকে এগোবে এবং কতটা শক্তিশালী হবে, তার উপরই সম্ভাব্য প্রভাব নির্ভর করছে। বর্তমানে নতুন সৃষ্টি হওয়া আবহাওয়ার প্রভাব নিয়ে এখনও ওড়িশার জন্য নির্দিষ্ট পূর্বাভাস জারি হয়নি বলে PTI-র প্রতিবেদনে জানানো হয়েছে। তাই পশ্চিমবঙ্গেও নতুন ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে কি না, তা এখনই চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। এই মুহূর্তে এই নিম্নচাপের গতিবিধি নিয়ে আরও খবর জানতে নজর রাখতে হবে IMD-র পরবর্তী বুলেটিনের দিকে।










