ডিজিটাল লক ভেঙে রহস্যময় ঘরে ঢুকল পুলিশ, স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে কী কী মিলল?

Published:

Swarup Biswas

প্রীতি পোদ্দার, কলকাতা: স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) গ্রেফতারির পরেই উঠে আসছে একাধিক তথ্য! এবার তদন্তকারীদের নজরে এল নিউ আলিপুরের (New Alipore) ফ্ল্যাটের ‘রহস্যময় ঘর’। জানা গিয়েছে সেই রহস্যময় ঘরের ডিজিটাল লক (Digital Lock) খুলতে গিয়ে প্রথমে নাজেহাল হতে হল পুলিশকে। তবে দীর্ঘ চেষ্টার পর ঘর খুলতেই উদ্ধার হল ১৪টি মোবাইল ফোন, ২টি আইপ্যাড এবং বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ নথি।

নিউ আলিপুরে ‘রহস্যময় ঘর’

পুলিশ সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চালানোর সময় একটি বিশেষ ঘরের সন্ধান পাওয়া গিয়েছিল। ওই ঘরটির দরজায় ছিল আবার ডিজিটাল লক। তদন্তকারীরা স্বরূপ বিশ্বাসের কাছে লকের কোড জানতে চাইলে তিনি তা বলতে পারেননি বলে দাবি। এমনকি তাঁর আঙুলের ছাপ দিয়েও লক খোলা যায়নি। শেষে বিশেষজ্ঞদের সাহায্যে ডিজিটাল লক ভেঙে ঘরে প্রবেশ করেছিল পুলিশ। আর ঘরে ঢুকতেই তন্নতন্ন করে তল্লাশির পর ১৪টি মোবাইল ফোন এবং ২টি আইপ্যাড উদ্ধার করা হয়েছে। পাশাপাশি মিলেছে প্রচুর নথিপত্র।

‘ডেটা’ উদ্ধারের চেষ্টা পুলিশের

তদন্তকারীদের প্রাথমিক ধারণা অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের সেই রহস্যময় ঘর থেকে উদ্ধার হওয়া নথিগুলির মধ্যেই বেশিরভাগই গিল্ড সংক্রান্ত। কিন্তু প্রশ্ন উঠছে কি এমন গিল্ড সংক্রান্ত তথ্য রয়েছে যা ডিজিটাল লক করে রাখা ঘরের ভিতর ‘লুকানো’। যদিও এখনও শেষ হয়নি তদন্ত। ইতিমধ্যেই ওই মোবাইল ও আইপ‌্যাডের লক খুলে তার ভিতর থেকে প্রয়োজনীয় ‘ডেটা’ উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। লালবাজারে সাইবার বিভাগের নিজস্ব ফরেনসিক পরীক্ষাগারে ওই মোবাইল ও আইপ‌্যাড পাঠানো হচ্ছে।

মেসি কাণ্ডে এখনও পুলিশের তলবে হাজিরা দেননি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তাই সেক্ষেত্রে উদ্ধার হওয়া মোবাইল এবং আইপ্যাডগুলিতে তল্লাশির সময় মেসি-কাণ্ড সংক্রান্ত কোনও নথি বা তথ্য পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করার জন্য বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে কলকাতা পুলিশকে অনুরোধ জানানো হয়েছে। ফলে উদ্ধার হওয়া ডিভাইস ও নথিপত্র তদন্তে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

আরও পড়ুন: গরমের ছুটি শেষ হতেই বাংলার স্কুলগুলোর জন্য নয়া নির্দেশ, বিজ্ঞপ্তি রাজ্য সরকারের

উল্লেখ্য, কিছুদিন আগেই যৌন নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন অরূপের ভাই স্বরূপ বিশ্বাস। গতকাল, সোমবার স্বরূপকে নিয়ে সাহাপুর কলোনিতে নিয়ে গিয়েছিল নিউ আলিপুর থানার পুলিশ। রাজ্যে সরকার বদলের আগে পর্যন্ত, তৃণমূলের জমানায় কার্যত টলিউডের সর্বেসর্বা হয়ে বসেছিলেন স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল ভুরি ভুরি, কিন্তু এতদিন তাঁর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলেই অনেকে অভিযোগ করতেন। অবশেষে তাঁর গ্রেফতারিতে স্বস্তি ফিরে এসেছে টালিগঞ্জে।