বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণী থানায় হাজিরা দিলেন অভিষেক

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: গত বৃহস্পতিবার পুরসভার আধিকারিক এবং পুলিশ বাহিনী ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে গিয়ে অবৈধভাবে বিলবোর্ড খুলে দেয় বলেই অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেও মেলেনি সুরাহা। তবে আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর ১২টার পর অফিস টাইমের মধ্যেই তৃণমূল সাংসদকে শেক্সপিয়র সরণী থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই এদিন থানায় উপস্থিত হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই খবর।

বিলবোর্ড কাণ্ডে থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ঘটনাটি বৃহস্পতিবার অর্থাৎ ২৭ আগস্টের। সেদিন বিকাল সাড়ে চারটা নাগাদ পুরসভার আধিকারিকরা বেশ কয়েকজন পুলিশ কর্মী নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে পৌঁছন। সেখানে তৃণমূল সাংসদকে জানানো হয়, এই দলীয় কার্যালয়ের বিলবোর্ডটি বেআইনি এবং সেটি অবিলম্বে খুলে ফেলতে হবে। প্রথমে অভিষেকের সঙ্গে আধিকারিকদের বেশ খানিকক্ষণ বাকবিতণ্ডা হয়। এমনকি অভিষেক অর্ডার কপি দেখতে চাইলে পুরকর্মীরা তা দেখাতে ব্যর্থ হন। তবে পরে ফের অর্ডার কপি নিয়ে এসে জোরপূর্বক ওই কার্যালয়ের বিলবোর্ড খুলে ফেলা হয় বলেই অভিযোগ তোলেন অভিষেক।

এদিকে সেই সময় পুলিশের কাজে বাধাদান ও শ্লীলতাহানির অভিযোগে জামিন অযোগ্য ধারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা হয় এফআইআর। এমনকি অভিষেকের পাশাপাশি দলীয় কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই ইস্যুতেই মঙ্গলবার শেক্সপিয়ার সরণী থানায় দুপুর ১২টার পর হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই মতো আজ দুপুর ১২:১৭ মিনিট নাগাদ অভিষেক নিজের গাড়িতে করেই থানায় পৌঁছন।

আরও পড়ুন: নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে কমিশনকে দ্বিতীয় চিঠি মমতার, হবে নিষ্পত্তি?

তবে এদিন থানায় প্রবেশ করা মাত্রই তৃণমূল সাংসদকে ঘিরে ধরেন দলীয় কর্মী-সমর্থকরা। এমনকি বৃষ্টিভেজা অবস্থায় তাঁরা স্লোগান দিতে থাকেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তোমার নেতা, আমার নেতা, সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।” আপাতত তৃণমূল সাংসদকে ভিতরে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা, এবং বাইরেই দলীয় কর্মী-সমর্থকদের অপেক্ষা করতে দেখা গিয়েছে।