“অবিলম্বে সরাতে হবে”, সেবাশ্রয় মামলায় হাইকোর্টে ‘বড় ধাক্কা’ খেলেন অভিষেক

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: স্থানীয় খেলার মাঠ দখল করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেবাশ্রয় শিবির গড়ে উঠেছিল ফলতায়, এমনটা অভিযোগ তুলেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী আমিনুদ্দিন খান। তবে এবার সেই মামলায় বড় পদক্ষেপ নিল কলকাতা হাইকোর্ট। খেলার মাঠ দখল করে মেডিকেল কলেজের মতো পরিকাঠামো গড়ে তোলার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, অবিলম্বে ওই দুটি নির্মাণ সরিয়ে ফেলতে হবে।

ফের হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের আমলে ২০২৪ এর নির্বাচনের পর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় শিবির তৈরি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামান্য খরচে গরীব, দুঃস্থ মানুষদের চিকিৎসার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়। তবে রাজ্যে সরকারের পালাবদল হতেই সেই সেবাশ্রয় শিবিরকে ঘিরে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। সেই মতো স্থানীয় বিডিও অফিসের নিকটবর্তী একটি সরকারি খেলার মাঠ দখল করে বেআইনিভাবে সেবাশ্রয় শিবিরের দুটি কাঠামো তৈরি করা হয়েছিল বলেই মামলা দায়ের করা হয় হাইকোর্টে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগে ওই মাঠে স্কুলের খেলাধুলো এবং সামাজিক অনুষ্ঠান হলেও বেআইনি নির্মাণের ফলে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এমনকি কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন পর্যন্ত করা সম্ভব হচ্ছে না। তবে সেই মামলার রায়ে এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে ভর্ৎসনা করে জানায়, “পুলিশকে কি ডেকে এনে বলতে হবে? নাকি রাজ্য নিজেই পুলিশ পাঠিয়ে সেবাশ্রয় ভাঙার নির্দেশ দেবে?” এমনকি আদালত আরও জানিয়ে দেয়, তৃণমূল সাংসদের ওই দুটি নির্মাণ অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

আরও পড়ুন: কমেছে উৎপাদন, চিনির পর এবার দাম বাড়বে চায়ের?

পাশাপাশি হাইকোর্ট এও জানিয়েছে, আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানি হবে। তবে সেবাশ্রয় শিবিরের আড়ালে সাধারণ মানুষের জীবন নিয়ে চলা দুর্নীতি, এমনকি ভুয়ো ওষুধ বিতরণের মতো অভিযোগগুলিও ধাপে ধাপে পর্যালোচনা করা হবে বলেই জানানো হয়েছে আদালতের তরফে। এর পাশাপাশি চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ তো রয়েছেই। সবমিলিয়ে তৃণমূল সাংসদ যে আরও বিপাকে পড়লেন তা বলার অপেক্ষা রাখে না।

google button