ফিরহাদের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ, প্রাক্তন মেয়রের ২ সংস্থায় চলছে তল্লাশি

Published:

Firhad Hakim

সৌভিক মুখার্জী, কলকাতা: মমতার সঙ্গ ছেড়ে এখন ঋতব্রত শিবিরে রাজ্যের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তবে এবার তাঁর বিরুদ্ধেই উঠল ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ। বেআইনিভাবে জোহরা বেগম ওয়াকফ এস্টেটের সম্পত্তি দখল এবং ব্যবহার করার অভিযোগ উঠেছে কলকাতা বন্দরের বিধায়কের বিরুদ্ধে। এমনকি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত একটি কমিটি এই ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে।

ফিরহাদের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ

তৃণমূলের আমলে কলকাতা পুরসভার মেয়র ছিলেন ফিরহাদ হাকিম। তবে রাজ্যে পালাবদলের পরপরই মেয়রের পদ থেকে ইস্তফা দেন তিনি। এমনকি বিধানসভা ভেঙে ঋতব্রত শিবির গঠিত হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে সেই দলেই যোগদান করেন ববি। এবার তাঁর বিরুদ্ধেই ওয়াকফ সম্পত্তি জবরদখল করার অভিযোগ। দাবি করা হচ্ছে, কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম জোহরা বেগম ওয়াকফ এস্টেটের সম্পত্তি দখল করে সেখানে M/S Marvel Point ও Hakim Polymakers Private Limited এর নামে ব্যবসা চালাচ্ছেন। অভিযোগ সামনে আসতেই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত কমিটি তদন্তের দায়িত্ব নিয়েছে।

প্রাতিষ্ঠানিক এই দুর্নীতির তদন্ত করতে রাজ্য সরকার বিশ্বজিৎ বসু, আইপিএস জয়রামনদের নিয়ে এই তদন্ত কমিটি গঠন করেছে। সেই সূত্রে আজ নিউ আলিপুরে ববি হাকিমের ওই দুটি সংস্থার অফিসে তল্লাশিও শুরু করেছে পুলিশ। তবে দুটি সংস্থার কাগজপত্রে ফিরহাদ হাকিমের নাম একেবারে স্পষ্ট। পাশাপাশি সংস্থার ওয়েবসাইটেও প্রতিষ্ঠাতা হিসাবে তাঁর নাম রয়েছে। এদিন ৩ সদস্যের পুলিশের বিশেষ দল নিউ আলিপুরের ওই অফিসে তল্লাশি চালিয়েছে। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন মেয়র।

আরও পড়ুন: ডলারের বিপরীতে অনেকটাই শক্তিশালী হল ভারতীয় রুপি, জানুন রেট

এদিন ওই দুই অফিসে হানা দিয়ে আধিকারিকরা সমস্ত নথি খতিয়ে দেখছেন, এমনকি এই চক্রে ফিরহাদের পাশাপাশি অন্য কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আদতে কোন জমির উপর এই কারখানা, মালিকানা কার এবং তার আগে এই জমি কার ছিল সেই বিষয়েও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারী আধিকারিকরা।