সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে এবার বড় পদক্ষেপ রাজ্য প্রশাসনের। আবেদন করেও বহু মহিলার অ্যাকাউন্টে কানাকড়ি ঢোকেনি এখনও। এমনকি প্রথম দু’মাস টাকা মিললেও আগস্টে বাদ দেওয়া হয়েছে নাম। যোগ্য সত্ত্বেও মিলছে না অন্নপূর্ণার টাকা। সেই অভিযোগ তুলে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ, অবরোধের মতো ঘটনা। এমনকি সরকারি অফিসে হামলা, ভাঙচুরও করছেন ক্ষুব্ধ মহিলারা। এবার তাঁদের জন্যই বিশেষ ব্যবস্থা করল রাজ্য সরকার।
অন্নপূর্ণা যোজনা না পাওয়া মহিলাদের জন্য নয়া উদ্যোগ রাজ্য সরকারের
অনলাইন বা অফলাইন দু’ভাবে আবেদন করেও মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। অথচ তিনি যোগ্য। রাগ হওয়াটা স্বাভাবিক। সেই সমস্ত মহিলারাই রাজ্য সরকারের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তবে মহিলাদের ক্ষোভ রুখতে এবার জেলায় জেলায় বসানো হল হেল্প ডেস্ক। এমনকি প্রথম দিনেই সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন পুরসভা ভবনে এই হেল্প ডেস্ক খোলা হয়েছে। এর মাধ্যমে মহিলারা সরাসরি তাঁদের অভিযোগ জানাতে পারবেন।
এদিন ময়নাগুড়ি শহরে পুরসভা ভবনের কাছে বসানো হয়েছে হেল্প ডেস্ক। শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষজন এসে অভিযোগ জানাচ্ছেন সেখানে। এমনকি সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধেই তাঁদের অভিযোগ। আবেদন করেও কেন স্বঘোষণাপত্র জমা দিতে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লক অফিসে এই হেল্প ডেস্ক খোলা হয়েছে বলেই খবর। বহু মহিলা এসে সেখানে তথ্য জানছেন। যোগ্য হওয়া সত্ত্বেও কেন মিলছে না অন্নপূর্ণার টাকা, তা নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন হেল্প ডেস্কের আধিকারিকরা।
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুধু তাই নয়, রাজ্যের অন্যান্য পুরসভাতে যোগ্য মহিলাদের তথ্য পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে। এমনকি তথ্য সংশোধন করে পোর্টালে পুনরায় আপলোড করলে দিনের দিন ঢুকে যাচ্ছে ৩০০০ টাকা। উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা পুরসভায় অন্নপূর্ণা না পেয়ে আন্দোলনে নেমেছিলেন মহিলারা। তবে পুরসভার তরফ থেকে ফের তথ্য ভেরিফাই করা হয়, এবং সেই দিনই অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। এক মহিলার কথায়, “আগের দু’মাস অন্নপূর্ণা পাইনি। পরে ফার্দার ভেরিফিকেশন দেখায়। তবে পৌরসভায় এসে পুনরায় আবেদনপত্র সংশোধন করার পর আজই আমার টাকা ঢুকেছে।”










