অন্নপূর্ণা যোজনা না ঢুকলে করুন এই কাজ, সেপ্টেম্বরেই মিলবে টাকা!

Published:

Annapurna Yojana

আনিষা চৌধুরী, কলকাতা: বহুদিন আগেই অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদন করেছেন অনেকে। সব রকম নথিপত্র জমা দিয়েও অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সেপ্টেম্বর শুরু হয়ে গিয়েছে, ফলে এবার চতুর্থ কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন উপভোক্তারা। এরই মধ্যে গত ১৭ অগস্টের পর থেকে অনেকের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করেছে। তবে আবেদনকারীদের একটি বড় অংশ এখনও লাভের মুখ দেখেননি। টাকা না পাওয়ায় মানুষের মনে তৈরি হয়েছে প্রশ্ন। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, আবেদন সংক্রান্ত কিছু সমস্যা বা যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ার কারণেই এমনটা হতে পারে।

টাকা না পেলে কোথায় জানাবেন অভিযোগ?

অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে উপভোক্তারা সরাসরি সরকারি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। ১৮০০-৩৪৫-৫৫৫৫ অথবা ১৮০০-৩৪৫-৫৫০৫ এই নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানানো যাবে। এছাড়াও সিএম কানেক্ট গ্রিভেন্স সেলের মাধ্যমে সমস্যার কথা জানানো সম্ভব। সেক্ষেত্রে ১৯৭১ অথবা ১৮০০-৩৪৫৬-৮৫১ নম্বরে যোগাযোগ করতে হবে।

সরকার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় দেড় কোটিরও বেশি মহিলা আবেদন করেছেন। যাঁদের আবেদন যাচাই হয়ে গিয়েছে, তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। তবে এখনও অনেক আবেদনকারীর তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। সেই কাজ শেষ হওয়ার পর যোগ্য উপভোক্তাদেরও প্রকল্পের টাকা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে স্বামী বলে গ্রহণ করছে না স্ত্রী!’ প্রকল্প বন্ধের আর্জি অসহায় ব্যক্তির

কোন ভুলে আটকে যেতে পারে টাকা?

আবেদনের সময় দেওয়া তথ্যের সঙ্গে ব্যাঙ্কের তথ্যের মিল না থাকলেও এই সমস্যা হতে পারে। বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT সক্রিয় না থাকলে টাকা মিলবে না। একই মোবাইল নম্বর ব্যবহার করে পরিবারের একাধিক সদস্যের আবেদন করা, আবেদনে ভুল তথ্য দেওয়া বা কোনও গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার ক্ষেত্রেও এই প্রক্রিয়া আটকে যেতে পারে। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকলে যাচাই প্রক্রিয়াতেও সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।