জুলাইয়ের শুরুতেই জোড়া ছুটির ঘোষণা, বিজ্ঞপ্তি জারি পশ্চিমবঙ্গ সরকারের

Published:

July Month Holidays

সৌভিক মুখার্জী, কলকাতা: শেষ হতে চলল জুন মাস। তবে জুলাই মাসের শুরুতেই দুই দিন ছুটি (July Month Holidays) পাবে সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল, কলেজের পড়ুয়ারা। একদিন থাকছে অর্ধদিবস ছুটি, এবং একদিন থাকছে পূর্ণদিবস ছুটি। এ বিষয়ে নবান্নের (Nabanna) তরফ থেকে ইতিমধ্যেই একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে ছুটির ঘোষণা করা হয়েছে। এবার নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে, কোন কোন দিন এই ছুটি ঘোষণা করা হল? জানতে আগ্রহী হলে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।

জুলাই মাসের প্রথম সপ্তাহেই দু’দিন ছুটি

আসলে আগামী ১ জুলাই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক এবং সমাজসেবক ডঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন। এই উপলক্ষে এই দিনটিকে ডক্টরস ডে বা চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। তাঁর জন্ম দিবসকে স্মরণীয় করে রাখার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে এই দিনটিকে অর্ধদিবস ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এদিন রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠান, অফিস বা আদালত, এমনকি স্কুল বা কলেজে অর্ধদিবস পর্যন্ত কার্যক্রম হবে। দুপুর দু’টোর পর মিলবে ছুটি।

এবার দ্বিতীয় যে ছুটিটি রয়েছে সেটি পূর্ণদিবস ছুটি। পশ্চিমবঙ্গকে স্বাধীন রাজ্যে রূপ দেওয়ার অন্যতম জনপ্রিয় কারিগর ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিবস উপলক্ষে আগামী ৬ জুলাই রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার রাজ্যের নতুন সরকার প্রথম বাজেট পেশ করেছে। আর সেই বাজেটেই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিবসকে স্মরণীয় করে রাখার জন্য ৬ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হল। অর্থাৎ এই দিনটিতে রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ বা অন্য যে কোনও প্রতিষ্ঠান সম্পূর্ণ ছুটি থাকবে।

আরও পড়ুন: ১ জুলাই থেকে বাড়ছে পাসপোর্ট তৈরির খরচ, কত টাকা জানুন

ইতিমধ্যে এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফলত জুলাই মাসের শুরুতে এই দু’দিন ছুটির ঘোষণা যে সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়াদের জন্য দারুণ সুযোগ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এমনিতেই জুলাই মাসে সরকারি ছুটির সংখ্যা কম। তবে পশ্চিমবঙ্গ সরকারের জারি করা এই জোড়া ছুটির ঘোষণা সেই অভাব কিছুটা দূর করছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।