আনিষা চৌধুরী, কলকাতা: এইবার বিধানসভা নির্বাচনের সময় বাড়তি দায়িত্ব সামলানো পুলিশকর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার (Government of West Bengal)। নির্বাচনের সময় ডিউটিতে থাকা পুলিশকর্মীদের জন্য সাম্মানিক হিসেবে মোট ৬২ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সুপারিশ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের সময় নিজেদের কর্মস্থলের বাইরে গিয়ে যাঁরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন, সেই সমস্ত পুলিশকর্মীরা এই সুবিধা পাবেন।
৩২ হাজারের বেশি পুলিশকর্মী পাবেন টাকা
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনী দায়িত্বে থাকা মোট ৩২ হাজার ১২৯ জন পুলিশকর্মীকে মাথাপিছু ১০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। সেক্টর, নাকা, কুইক রেসপন্স টিম বা QRT, ফ্লাইং স্কোয়াড এবং স্ট্যাটিক সার্ভেইলেন্স টিম বা SST-তে কাজ করা পুলিশকর্মীরা এই তালিকায় রয়েছেন। অর্থাৎ ভোটের সময়ে নিরাপত্তা ও নজরদারির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিপুল সংখ্যক পুলিশকর্মী এই অর্থ পাবেন।
শুধু মাঠে নির্বাচনী দায়িত্ব পালন করা পুলিশকর্মীরাই নন, বিভিন্ন নির্বাচন সেলে কাজ করেছেন এমন আরও ২,৯৫৬ জন পুলিশকর্মীকেও সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেকের জন্য ১০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে। ফলে নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত আরও একটি বড় অংশের পুলিশকর্মী এই সুবিধার আওতায় আসছেন।
আরও পড়ুন: ৫ মাসের ভাড়া বকেয়া, অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে বিস্ফোরক অভিযোগ
শীর্ষ আধিকারিকরাও পাবেন সাম্মানিক
অর্থ দফতর এই সুপারিশে সম্পূর্ণ সম্মতি জানিয়েছে। শুধু নিচুতলার কর্মীরাই নন, ডিজি, অতিরিক্ত ডিজি, আইজি, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ আধিকারিকও এই সাম্মানিকের আওতায় থাকবেন। কাউকে নিরাশ করবেন না রাজ্য সরকার। অর্থাৎ খুব তাড়াতাড়ি পুলিশকর্মীরা তাদের কঠিন পরিশ্রমের ফল পেতে চলেছেন।









