প্রীতি পোদ্দার, কলকাতা: শুধু সরকারি নয়, এখন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করে তুলতে সব বেসরকারি হাসপাতাল (Private Hospitals) ও নার্সিংহোমে কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) চালু হতে চলেছে। এছাড়াও ভবিষ্যতে হাসপাতালের লাইসেন্স নবীকরণের ক্ষেত্রেও আয়ুষ্মান ভারতে যুক্ত থাকা বাধ্যতামূলক করা হতে পারে বলে জানা গিয়েছে। অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে না থাকলে লাইসেন্স কখনোই রিনিউ হবে না।
বেসরকারি হাসপাতালগুলিতে আয়ুষ্মান ভারত
রাজ্য সরকারের যেমন স্বাস্থ্য সাথী প্রকল্প রয়েছে, ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। যদিও পূর্বতন সরকারের আমলে রাজ্যে কখনও আয়ুষ্মান ভারত চালু হয়নি। কিন্তু এবার প্রশাসনিক ক্ষমতার রদবদল হতেই পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। অর্থাৎ এতদিন যেখানে রাজ্যবাসী শুধুমাত্র ‘স্বাস্থ্যসাথী’র সুবিধার ওপর নির্ভর করতেন, কিন্তু এবার থেকে ৫ লক্ষ টাকার এই কেন্দ্রীয় বিমা প্রকল্পের সুবিধাও পাবে। পাশাপাশি রাজ্যে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলির জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ বাধ্যতামূলক করার পথে হাঁটছে নতুন রাজ্য সরকার।
‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের সঙ্গে আয়ুষ্মান ভারতের সমন্বয়
আয়ুষ্মান ভারত বা ‘প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (PM-JAY) হল বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্প। এটি মূলত গরিব ও নিম্নবিত্ত পরিবারগুলিকে চিকিৎসার দুশ্চিন্তা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই তৈরি। তাই এবার সেই প্রকল্পের সুবিধা যাতে বাংলার মানুষ পায় তার জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। রিপোর্ট অনুযায়ী, আগামী ৮ জুন কেন্দ্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে রাজ্য সরকার। এরপরই বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্পের আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হবে। একই সঙ্গে পূর্ববর্তী সরকারের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের সঙ্গে আয়ুষ্মান ভারতকে কীভাবে সমন্বয় করা যায়, সেই নিয়েও হবে একাধিক আলোচনা।
আরও পড়ুন: দেননি হাজিরা, এবার CID-র পাঠানো নোটিশ খারিজের দাবিতে হাইকোর্টে অভিষেক
নিবন্ধন শুরু করেছে কিছু হাসপাতাল
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন, অন্তত প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য সাথী এবং আয়ুষ্মান ভারত (Ayushman Bharat), দুটি প্রকল্পই একসঙ্গে চালানো হবে। ফলে নতুন প্রকল্প চালু হলেও আপাতত স্বাস্থ্য সাথীর সুবিধা বন্ধ হচ্ছে না। এখনও সব জায়গায় আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হয়নি। তবে কয়েকটি বেসরকারি হাসপাতাল ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এক আধিকারিকের তরফে জানা গিয়েছে, আয়ুষ্মান ভারত প্রকল্পে অংশ নিতে হাসপাতালগুলিকে একটি বিস্তারিত আবেদনপত্র জমা দিতে হবে। রাজ্যের অনুমোদনের পর হাসপাতালকে একটি ইউনিক আইডি দেওয়া হবে। এরপর চিকিৎসক ও নার্সদের তথ্য নথিভুক্ত করতে হবে এবং তাঁদের আধার নম্বরও প্রকল্পের সঙ্গে সংযুক্ত করা হবে।










