সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনিক থেকে শুরু করে নীতিগত স্তরে একের পর এক সাহসী পদক্ষেপ নিচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাধারণ মানুষ বা রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই নতুন মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করছেন। তবে এরই মাঝে দেখা গেল চাঞ্চল্যকর ঘটনা। আচমকাই তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেল থেকে উধাও হয়ে গেল নীল রঙের ভেরিফিকেশন ব্যাজ বা ব্লু টিক। মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্ট থেকে কেন এই ব্লু টিক সরিয়ে নেওয়া হল তা নিয়ে নবান্ন বা বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু এ নিয়ে ঘনাচ্ছে রহস্য।
উধাও হয়ে গেল মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টের ব্লু টিক
সাধারণত যে কোনও বড় তারকা, রাজনীতিবিদ বা বিশিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্টের সত্যতা প্রমাণ করার জন্য ব্লু টিক জরুরি ভূমিকা পালন করে থাকে। এ থেকে বোঝা যায় যে অ্যাকাউন্টটি আদৌ তাঁর কিনা। যদিও ব্লু টিক চলে গেলেও শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেল প্রতিবেদন লেখা পর্যন্ত সক্রিয় রয়েছে। নতুন সরকারের তরফ থেকে বিভিন্ন রকম সিদ্ধান্ত বা আপডেট তিনি নিয়মিত পোস্ট করে যাচ্ছেন। তবে সন্ধ্যা থেকেই তাঁর প্রোফাইলে ঢুকলে দেখা যাচ্ছে, নামের পাশে সেই চেনা নীল ভেরিফাইড ব্যাজ নেই। কেন ঘটল এরকম ঘটনা?

আরও পড়ুন: আরও বিপদে অভিষেক! ভবানীপুর থানায় দায়ের অভিযোগ, এবার কী অপরাধ?
আসলে মুখ্যমন্ত্রীর প্রোফাইল থেকে ব্লু টিক উধাও হওয়া মাত্রই অনেকের মনে প্রশ্ন জাগছে যে এটি হয়তো কোনও রাজনৈতিক ষড়যন্ত্র বা বিরোধী শিবিরের কারসাজি হতে পারে। এমনকি এ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। আবার অনেকেই মনে করছেন যে, এটি এক্সের কোনও কারিগরি ত্রুটি বা নীতিগত ফল্ট। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনও কিছু আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তিনি তাঁর কাজ দায়িত্ব সহকারে সামলে চলেছেন।










