বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবারই প্রকাশিত হয়েছে CBSE দশমের ফলাফল (CBSE Class 10 Exam Result)। আর সেই ফলাফল প্রকাশ্যে আসতেই নতুন নজির গড়েছে কলকাতা। আসলে বাংলা তথা দমদমের মেয়ে অনিশা ঘোষ CBSE দশমের পরীক্ষায় 100 শতাংশ নম্বর পেয়েছেন। হ্যাঁ, অবাক লাগলেও সম্পূর্ণ নম্বর পেয়ে দেশের মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছেন এই বাঙালি কন্যা। নজরকাড়া রেজাল্ট করেছেন অনিশার জমজ বোন অনিস্কাও। তাঁর প্রাপ্ত নম্বর 99.2 শতাংশ। দিদির থেকে 0.08 শতাংশ নম্বর কম পেলেও নিজের ফলাফলে অত্যন্ত খুশি যমজ কন্যা।
অনিশার রেজাল্ট দেখলে গর্ব অনুভব করবেন
বাংলার মেয়ে অনিশা CBSE দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় ইংরেজি থেকে শুরু করে অঙ্ক, সোশ্যাল সায়েন্স, বিজ্ঞান সবেতেই 100 তে 100 পেয়েছেন। বাংলা পরীক্ষায় 97 পেয়েছেন তিনি। ওদিকে AI এর বিশেষ পরীক্ষায় অনিশার প্রাপ্তি সেই 100 নম্বরই। মেয়ের এমন ফলাফলে অত্যন্ত খুশি পরিবার ও আত্মীয় স্বজনরা।
CBSE দশমের পরীক্ষায় বিশেষভাবে সক্ষমদের ফলাফল নজর কেড়েছে
গত বুধবার অর্থাৎ 15 এপ্রিল প্রকাশ্যে আসে CBSE বোর্ডের দশম শ্রেণীর ফলাফল। ফলাফল প্রকাশিত হতেই দেখা যায় 95 শতাংশ বা তারও বেশি নম্বর পেয়েছেন 55 হাজার 368 জন ছাত্রছাত্রী। একইভাবে 90 শতাংশের বেশি নম্বর মিলেছে 2 লাখ 21 হাজার 574 জন শিক্ষার্থীর। একই সাথে 95 শতাংশের বেশি নম্বর পেয়েছেন 2.28 শতাংশ পরীক্ষার্থী। অন্যদিকে 90 শতাংশের বেশি নম্বর পেয়েছেন প্রায় 9 শতাংশ ছাত্র-ছাত্রী।
যেটা না বললেই নয়, এ বছর CBSE দশম শ্রেণীর পরীক্ষায় বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের ফলাফল নজর কেড়েছে। এবছর মোট 452 জন বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী 90 শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। এছাড়াও পাস করার সংখ্যাটা বেড়েছে অনেকটাই। বলে রাখা প্রয়োজন, এবছর CBSE দশম শ্রেণীর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করিয়েছিলেন 24 লাখ 83 হাজার 479 জন পরীক্ষার্থী। তবে পরীক্ষা দিয়েছেন 24 লাখ 71 হাজার 777 জন। এদের মধ্যে পাস করেছেন 23 লাখ 16 হাজার 8 জন এবং অকৃতকার্য হয়েছেন 11 হাজার 702 জন।
অবশ্যই পড়ুন: পাকিস্তানে ৭০টি লঞ্চ প্যাডে ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় ৮০০-র বেশি জঙ্গি
উল্লেখ্য, গত বছর CBSE দশম শ্রেণীর পরীক্ষায় কৃতকার্য হয়েছিলেন 93.66 শতাংশ ছাত্র ছাত্রী। এ বছর সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 93.7 শতাংশে। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে 0.04 শতাংশ। যা থেকে বোঝা যায় গতবারের তুলনায় এ বছর ছাত্র-ছাত্রীরা লেখাপড়ার প্রতি বিশেষ মনোযোগী হয়েছেন।










