প্রীতি পোদ্দার, কলকাতা: শিয়রে ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026), কিন্তু এখনও কাটেনি SIR এর জট। এমতাবস্থায় বাতিল ভোটারদের নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। জানা গিয়েছে, নির্বাচনের দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনাল যে বিবেচনাধীন ভোটারদের আবেদনের নিষ্পত্তি করে নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে, তাঁরা ভোট দিতে পারবেন। কিন্তু ট্রাইবুনালে (Tribunal) ছাড়পত্র পেলে কীভাবে জানবেন বাতিল ভোটাররা সেই নিয়ে প্রশ্ন উঠতেই মুখ খুললেন সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal)।
ছাড়পত্র পেলেই ভোট দেওয়া যাবে
আগামী ২৩ এপ্রিল রাজ্যে হতে চলেছে প্রথম দফার ভোট এবং ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট। এমতাবস্থায় বাতিল ভোটারদের মধ্যে তৈরি হয়েছে তীব্র অস্বস্তি। কারণ রাজ্যে বিবেচনাধীন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের মধ্যে ২৭ লক্ষের নাম বাদ পড়েছে। এই আবহে সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা ট্রাইবুনালে আবেদন জানাতে পারলেও অনেকের মনে একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে। যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রথম দফার ভোটে রাজ্যে যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ গিয়েছে, তাঁদের মধ্যে যাঁদের ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেবে ট্রাইবুনাল, তাঁরা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই সময়সীমা করা হয়েছে ২৭ এপ্রিল।
কী বলছেন মনোজ আগরওয়াল?
CEO মনোজ আগরওয়াল ট্রাইবুনাল প্রসঙ্গে জানিয়েছেন যে, “৯ তারিখ পর্যন্ত তালিকা ফাইনাল করা হয়েছে, এরপর ২১ এপ্রিল পর্যন্ত যতগুলি নামের নিষ্পত্তি হবে তা তালিকায় যোগ করে দেওয়া হবে। ফলস্বরূপ সেই সমস্ত ভোটাররা তাঁদের ভোটাধিকার ফিরে পাবেন।” এছাড়াও তিনি আরও বলেন, “ট্রাইবুনাল গঠিত হয়েছে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে। এসআইআর সংক্রান্ত ‘আপিল ট্রাইবুনাল’-এর দফতরে বসছেন ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি। তাঁরা ট্রাইবুনালে আবেদনকারীদের নথি খতিয়ে দেখছেন। এরা নির্বাচন কমিশন (ECI) বা সিইও অফিসের অধীনে নয়, স্বাধীনভাবে কাজ করছেন সকলে। সুতরাং যতদিন না ড্যাশবোর্ড তৈরি হচ্ছে, তাদের কাজে হস্তক্ষেপ করা যাবে না।”
‘বাতিল’ ভোটাররা জানবেন কীভাবে?
ভোটারদের মধ্যে প্রশ্ন উঠছে, যদি ৪৮ ঘণ্টা আগে নাম নিষ্পত্তি হয় তাহলে আপডেটেড ভোটার লিস্ট কীভাবে চেক করা যাবে। এমনকি বাতিল ভোটাররাই বা জানবে কীভাবে? সেই প্রসঙ্গে মনোজ আগরওয়াল বলেন, “বিএলওদের দায়িত্ব রয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এছাড়া ওয়েবসাইট থেকে জানতে পারবেন ভোটাররা, এছাড়া বিডিওর কাছেও সব তথ্য দেওয়া থাকবে।” তাঁর আরও সংযোজন “নির্বাচন কমিশনকে সেতু বন্ধনের মতো একটা সফটওয়্যার তৈরি করতে হবে যেখানে নামের নিষ্পত্তি হতেই ভোটারদের নাম তালিকায় যুক্ত হতে থাকবে। আশা রাখছি এই কাজ কমিশনের জন্য খুব একটা অসুবিধার হবে না।”
আরও পড়ুন: মোথাবাড়ি কাণ্ডে এক মামলায় জামিন, তবে এখনই জেলমুক্তি নয় মোফাক্কেরুলের
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন SIR এর খসড়া তালিকা প্রকাশ করেছিল, সেখানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ছিল বিবেচনাধীন তালিকায়। শেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই সব ভোটারের তথ্য নিষ্পত্তির দায়িত্ব কাঁধে তুলে নেন বিচারবিভাগীয় আধিকারিকেরা। আপাতত বিবেচনাধীন তালিকা থেকে ভোটার তালিকায় নাম ফিরেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের। বাদ পড়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন। এখন দেখার ট্রাইবুনালের মাধ্যমে আর কত নাম ফিরে আসে।










