সৌভিক মুখার্জী, কলকাতা: অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এমনিতেই কল্পতরু রাজ্যের বিজেপি সরকার। প্রথম বাজেটেই তাদের ৫০০০ টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে সোমবার পানিহাটির অঙ্গন মিলন সেবা অনুষ্ঠান থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে এবার ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকি তিনি জানিয়েছেন যে, এই কেন্দ্রগুলিতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার পাশাপাশি কর্মচারীদের সুরক্ষার বন্দোবস্ত করা হবে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি নিয়ে বিরাট উদ্যোগ রাজ্যের
আগের সরকারের আমলে দীর্ঘ আন্দোলন সত্ত্বেও বাড়েনি অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন। তবে নতুন সরকার ক্ষমতায় আসতেই একধাক্কায় ৫০০০ টাকা করে বেতন বাড়ানো হয়েছে তাদের। এমনকি প্রথমে অন্নপূর্ণা যোজনা থেকে তাদের বঞ্চিত করা হলেও পরে ফের এই সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়। তবে আজ সভা থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশংসা করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতি নীতিন নবীন। আর সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আইসিডিএস কেন্দ্রগুলির জন্য করলেন একাধিক ঘোষণা।
আজ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে পানিহাটিতে অঙ্গন মিলন সভা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, “আগস্ট মাসেই অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ৫০০০ টাকা করে বাড়ানো হয়েছে। দিদিদের আয়ুষ্মান ভারতে যুক্ত করা হয়েছে। এর আওতায় দেশের ৩৮টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা খরচে চিকিৎসা মিলবে।”
আরও পড়ুন: ‘অভিষেককে কেন ছাঁটতে পারলেন না মমতা?’ জবাবে যা জানালেন কুণাল ঘোষ
এদিকে খাবারের বরাদ্দ বৃদ্ধির প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “শিশুদের খাবারের বরাদ্দ ২ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। প্রসূতিদের ১২ থেকে বাড়িয়ে করা হয়েছে ১৪ টাকা। আর এই মুহূর্তে ১৯ হাজার অঙ্গনওয়াড়ি চলছে ভাড়া করা বাড়িতে। এগুলি সরকার নিজস্ব ঠিকানায় নিয়ে যাবে আগামী দিন। এর জন্য অর্থ বরাদ্দও করা হয়েছে।” কেন্দ্রগুলিতে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী এদিন আশ্বাস দিয়েছেন।










