সৌভিক মুখার্জী, কলকাতা: পুজোর মাসে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ছাড়া। এই মাসে আরও ৮ লক্ষ উপভোক্তা এই প্রকল্পে যুক্ত হয়েছেন বলে খবর রাজ্য সরকার সূত্রে। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরুর কথা বললেও এ মাসেও ১৫ তারিখ থেকে দেওয়া হচ্ছে টাকা। সেপ্টেম্বরে পেয়েছিলেন ১ কোটি ৫৮ লক্ষ উপভোক্তা। তবে পুনরায় যাচাই-বাছাই করে এবার আরও উপভোক্তার সংখ্যা বাড়ানো হয়েছে অন্নপূর্ণায়। সেই সূত্রে ঝাড়গ্রাম থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
রাজ্য সরকারের তরফ থেকে যাচাই-বাছাই করে এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে। তবে তা সত্ত্বেও অনেক যোগ্য মহিলা অন্নপূর্ণার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে উঠছে অভিযোগ। এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তের বিডিও অফিস বা পৌরসভা ঘেরাও করে চলছে আন্দোলন। আজ ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “অন্নপূর্ণা যোজনার মোট ২ লক্ষ ৮১ হাজার ৪২৭ জন এখান থেকে আবেদন করেছিলেন। অ্যাপ্রুভ হয়েছে ২ লক্ষ ৭২ হাজার ৯০৩ জন।”
শুভেন্দু অধিকারী এদিন আরও বলেছেন, “অক্টোবর মাসের টাকা পুজোর আগেই সকলে পেয়ে গিয়েছেন।” তবে বাকি যাঁরা পাননি তাঁদের টাকাও খুব তাড়াতাড়ি ঢুকবে বলে আশাবাদী তিনি। তাঁর কথায়, “অ্যাকাউন্টে ভুলের জন্য ৬১৬৩ জনের টাকা বর্তমানে আটকে রয়েছে। তবে তাঁরা যাতে অক্টোবরের কিস্তির টাকাসহ নভেম্বরের টাকা পেয়ে যান সে বিষয়ে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।” পাশাপাশি অযোগ্যদের এই তালিকা থেকে বাদ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: বিজেপির বুকস্টলে ২ কোটির বই বিক্রি, ক্ষমতায় এসে পুজোর বাজারে বড় সাফল্য গেরুয়া শিবিরের
প্রসঙ্গত, অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী অনেক আগেই জানিয়েছিলেন, যোগ্য একজনও এই প্রকল্প থেকে বাদ যাবে না। কিন্তু ভুয়ো তথ্য দিয়ে আবেদন করলে তিনি বঞ্চিত হবেন। প্রথম মাসে ৫০ লক্ষ মহিলাকে দিয়ে শুরু হলেও ধাপে ধাপে তা বাড়িয়ে ১ কোটি ৬৪ লক্ষে দাঁড়িয়েছে এই প্রকল্পের উপভোক্তা সংখ্যা। এমনকি অক্টোবর মাসে যাঁরা জনকল্যাণ শিবিরের মাধ্যমে আবেদন করেছিলেন তাঁদের তথ্যও ভেরিফিকেশন করে দেওয়া হচ্ছে অর্থ সহায়তা।










