জেলাশাসকের দফতর ঘেরাও কর্মসূচি, ফের বাঁকুড়ায় আন্দোলনের ডাক সিজেপির

Published:

Bankura

সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিয়েছিল বাঁকুড়ার ছেলে শেখ আব্দুল হাফিজ। এমনকি বাঁকুড়ার (Bankura) ইন্দাসের একটি স্কুল সংস্কারের দাবি জানালে বিজেপি কর্মীদের হাতে তাঁর বাবা শেখ মাফিকের মৃত্যু হয় বলেই অভিযোগ। সেই ইস্যুতে মাফিকের নামে বাঁকুড়ায় একটি আধুনিক স্কুল গড়ার দাবি জানিয়েছিলেন হাফিজ। তবে সরকার এই দাবি না মানলে মঙ্গলবার বাঁকুড়া জেলা শাসকের দফতর ঘেরাও করবে বলেই এবার হুঁশিয়ারি দিয়ে পোস্ট করলেন আব্দুল হাফিজ।

বাঁকুড়ার জেলাশাসক দফতর ঘেরাও কর্মসূচির ডাক

দিল্লিতে ককরোচ জনতা পার্টির নিট আন্দোলনে অভিজিৎ দীপকে, আশুতোষ রঙ্কাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বাঁকুড়ার হাফিজ। এমনকি সেই আন্দোলন সফল হওয়ার পর দেশজুড়ে স্কুল সংস্কারের দাবিতেও সিজেপির কর্মসূচিতে যোগদান করেছিলেন তিনি। তবে বাঁকুড়ার ইন্দাসে একটি স্কুল পরিদর্শনে গিয়ে সেখানকার পরিকাঠামোগত উন্নয়নের দাবি জানান হাফিজসহ সিজেপির অন্যান্য সমর্থকরা। তবে সেই আচরণ নাকি ভালোভাবে নেয়নি স্থানীয় বিজেপি কর্মীরা। এরপর তাঁর পরিবারের উপর আক্রমণ করা হয়। এমনকি ছেলেকে বাঁচাতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় শেখ মাফিকের।

তবে পিতৃহারা ওই যুবকের নেতৃত্বে সিপিআইএম এবং সিজেপির কর্মী সমর্থকরা একজোট হয়ে সরকারের কাছে একাধিক দাবি তুলে ধরে। তাঁদের প্রথম দাবি ছিল, মৃত শেখ মাফিকের নামে বাঁকুড়ায় একটি সরকারি স্কুল স্থাপন করা হোক। এমনকি সরকার দাবি না মানা পর্যন্ত সিজেপির প্রতিনিধিরা তাঁর সঙ্গেই থাকবেন বলে আশ্বাস দিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত সেই দাবি না মানায় এবার বড়সড় আন্দোলনের ডাক দিল ককরোচ জনতা পার্টি।

আরও পড়ুন: বাতিলদের জন্য সুযোগ! ফের কবে অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদন? এল আপডেট

হাফিজ আজ ফেসবুক পোস্ট করে জানিয়েছে, সরকার এই দাবি না মেনে নিলে মঙ্গলবার বাঁকুড়া জেলা শাসকের দফতর ঘেরাও করা হবে। এমনকি সকলকে আন্দোলনে যোগদান করার আহ্বানও জানিয়েছেন তিনি। তবে এই কর্মসূচি রুখতে ইতিমধ্যেই বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে বাঁকুড়া জেলা পুলিশ। সেই সূত্রে এই আন্দোলন কতটা সফল হবে তা এখনই বলা সম্ভব নয়। তবে প্রশাসন এ নিয়ে তৎপর।