সৌভিক মুখার্জী, কলকাতা: আগস্ট মাসে প্রায় দেড় কোটি মহিলাকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সুবিধা দেওয়া হলেও বঞ্চিত হয়েছেন অনেকেই। এদিকে এই মাসে এখনও পর্যন্ত অন্নপূর্ণার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, যাঁদের আবেদন রিজেক্ট করা হয়েছে তাঁরা পুনরায় আবেদনের সুযোগ পাবেন। এমনকি যাঁরা আগের ধাপে আবেদন করতে পারেননি তাঁরাও আবেদনের সুযোগ পাবেন। তবে সোশ্যাল রেজিস্ট্রির পোর্টালে এখন শুধুমাত্র স্ট্যাটাস চেক করাই যাচ্ছে। নতুন আবেদন কবে থেকে শুরু হবে?
অন্নপূর্ণা যোজনায় নতুন রেজিস্ট্রেশন কবে?
নবান্নের তরফ থেকে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ নাগাদ পোর্টাল খুলে পুনরায় আবেদন চালুর কথা থাকলেও সরকারি পর্যালোচনার মাধ্যমে সেই সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে বলেই খবর। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, দুর্গাপুজোর উৎসব শেষ হওয়ার পর অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি সময় নাগাদ অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল পুনরায় খোলা হতে পারে। আগের ধাপে যাঁরা আবেদন করতে পারেননি বা আবেদন রাজ্য সরকারের তরফ থেকে বাতিল করা হয়েছে, তাঁরা পুনরায় আবেদন করতে পারবেন।
এর পাশাপাশি অফলাইনেও পৌরসভা বা বিডিও অফিসের মাধ্যমে আবেদন করা যাবে বলে জানাচ্ছে বেশ কিছু রিপোর্ট। তবে আগের ধাপে যেমন প্রত্যেক মহিলার আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হয়েছে, ঠিক তেমনই এই ধাপে নতুন আবেদনকারীদেরও তথ্য রাজ্য সরকারের তরফ থেকে যাচাই করে তার পরের মাস থেকে সুবিধা দেওয়া হবে। এমনকি নথিপত্রে গরমিল বা অযোগ্য হলে সেই মহিলাকে সঙ্গে সঙ্গে বাদ দেওয়া হবে বলেই জানানো হয়েছে।
আরও পড়ুন: বার্ধক্য, বিধবা ভাতা বেড়ে হল ১৫০০, নবান্ন থেকে শুভ সূচনা মুখ্যমন্ত্রীর
এদিকে আগস্ট মাসে যে সমস্ত মহিলার আবেদন বাতিল হয়েছে, তাঁদের বেশিরভাগের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সমস্যা ছিল। সেক্ষেত্রে এ মাসে টাকা ছাড়ার আগে ব্যাংকে গিয়ে অবশ্যই ডিবিটি লিংক যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নবান্নের তরফে। এমনকি অনেক মহিলার মনেই প্রশ্ন, আগের মাসে টাকা পেলেও সেপ্টেম্বরের ৭ তারিখ পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখনও কেন অ্যাকাউন্টে টাকা ঢোকেনি? সেক্ষেত্রে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনার টাকা প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ পাঠানো হবে। এমনকি সাম্প্রতিক এক আপডেট অনুযায়ী জানা গিয়েছে, পরের মাস থেকে অন্নপূর্ণার টাকা তৃতীয় সপ্তাহ নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে।










