সৌভিক মুখার্জী, কলকাতা: আগের সরকারের আমলে বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা মিলত মাত্র ১০০০ টাকা করে। তবে সরকার বদলাতেই রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করেন। ফলে এখন তাঁরা পাবেন ১৫০০ করে। তবে কথা মতোই আজ থেকে বৃদ্ধ-বিধবাদের ভাতা বেড়ে কার্যকর হল ১৫০০ টাকা। আজ নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠকের মাধ্যমেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই বর্ধিত ভাতার ঘোষণা করলেন।
বৃদ্ধ-বিধবা ভাতা বেড়ে হল ১৫০০ টাকা
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, আজ অর্থাৎ ৭ সেপ্টেম্বর থেকেই বর্ধিত হারে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতার টাকা পাবে উপভোক্তারা। ২ থেকে ৩ দিনের মধ্যেই রাজ্যের প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এমনকি সামাজিক সুরক্ষা ভাতার আওতায় মোট ৮৮ লক্ষ ৫ হাজার যোগ্য উপভোক্তা রয়েছেন বলেই খবর নবান্ন সূত্রে। পাশাপাশি এ মাসে মোট ১৪ হাজার ৭৭০ কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
তবে এক্ষেত্রে ৮২ লক্ষের কিছু বেশি উপভোক্তা বৃদ্ধ ভাতার আওতায় সুবিধা পাবেন। তাছাড়া বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতার পরিমাণও যেখানে ১০০০ টাকা ছিল, সেখানে এখন তা করা হয়েছে ১৫০০ টাকা। আজ থেকেই তাঁদের অ্যাকাউন্টে এই ভাতার টাকা জমা পড়বে বলে খবর। এমনকি ভাতা পাঠানোর আগে সমস্ত উপভোক্তার তথ্য সরকারি নথির সঙ্গে মিলিয়ে যাচাই করা হচ্ছে। যাচাই সম্পন্ন হলেই প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হবে ১৫০০ করে।
আরও পড়ুন: বাসেই ফেলে গিয়েছিলেন ৩ লক্ষ টাকার ব্যাগ, ফেরত দিয়ে নজির গড়লেন কন্ডাক্টর
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আগের সরকার ভারত সরকারের ৮০০ টাকা এবং নিজেদের ২০০ টাকা দিয়ে মাত্র ১০০০ টাকা করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা দিত। তবে আমরা আপ টু ডেট করেছি। অগাস্ট পর্যন্ত তারা ১৫০০ টাকা করে ভাতা পাবেন। আমাদের কমিটমেন্ট ছিল ২০০০ টাকা। তবে সেটাও আমরা করব। আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলি আমি এখনও নিইনি। আমার কাছে করা অ্যাপ্লিকেশনগুলি আমি নিচ্ছি। সেখানে প্রচুর অ্যাপ্লিকেশন আসছে। জনকল্যাণ শিবিরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করছি, এবং এটা পরে ২০০০ টাকা করব।”










