প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশের পর রাতারাতি দেওয়াল লিখন মোছার কাজ শুরু হলেও ২৪ ঘণ্টার মধ্যেই ফের দেওয়াল লিখনের (Jadavpur University Wall Writting) লড়াই শুরু হল। সাদা দেওয়াল বদলে গেল কার্ল মার্ক্সের উক্তিতে। তুমুল শোরগোল ক্যাম্পাস জুড়ে, প্রতিবাদের ডাক দিল ABVP।
সাদা রং করা হয়েছিল যাদবপুরের দেওয়াল
উল্লেখ্য, গত শুক্রবার, যাদবপুর এইটবি-তে ‘বন্দে মাতরম’ সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া আল্টিমেটামের পরেই শনিবার বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কর্তৃপক্ষ তড়িঘড়ি কর্মীদের দিয়ে সাদা রং করিয়ে বিভিন্ন ভবনের দেওয়াল থেকে ‘দেশবিরোধী’ ও ‘আপত্তিকর’ স্লোগানগুলি মুছে ফেলেছিল। এই নিয়ে গতকাল, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আরও অনেক কিছু হবে। এটা বিলম্বিত বোধোদয়। আগেই এ সব না–লেখা উচিত ছিল।’ তিনি আরও বলেছিলেন যে, ‘কিষেণজিকে এরা জানে? কত নিরীহ লোকের প্রাণ কেড়ে নিয়েছে! শিক্ষার স্বার্থে অনেক কিছু মোছা হবে। আমরা ছাড়ব না।’ কিন্তু এর ২৪ ঘণ্টার মধ্যেই মিলল ভিন্ন চিত্র।
ভেসে এল কার্ল মার্ক্সের উক্তি
সূত্রের খবর, গতকাল, রবিবার ওপেন এয়ার থিয়েটারের সাদা দেওয়ালে নতুন করে স্প্রে বোতল দিয়ে লেখা হয়েছে! আর সেখানেই ভেসে উঠল কার্ল মার্কসের উক্তি। স্পষ্ট লেখা, “We Have No Compassion And We Ask No Compassion From You, When Our Turn Comes, We Shall Not Make Excuses For The Terror..” মুহূর্তের মধ্যেই সেই দেওয়াল লিখনের চিত্র ভাইরাল হয়ে যায়। কিন্তু কে বা কারা এই লেখা লিখেছে, তা এখনও জানা যায়নি। এদিকে এই উক্তি নিয়ে ABVP-র দাবি, এই কাজ বামপন্থীদের। তাঁদের মতে, বামপন্থীরা সবসময় সমতা, ন্যায়বিচার, শোষিত মানুষের অধিকার এই বিষয়গুলোর কথা বলে। কিন্তু ইতিহাসটা অন্য রকম। বিভিন্ন দেশে বিপ্লব ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার নামে সাধারণ মানুষের ওপর অত্যাচার হয়েছে।
The alleged anti-India and objectionable slogans/graffiti that were whitewashed from the walls of Jadavpur University day before yesterday have now resurfaced in the form of fresh wall writings. https://t.co/B6cS4OzYlh pic.twitter.com/6KwpIyUivf
— Piyali Mitra (@Plchakraborty) August 31, 2026
আরও পড়ুন: কলকাতা-বকখালির AC বাস, মহিলাদের জন্য সম্পূর্ণ ফ্রি, জানুন রুট ও সময়সূচি
কী বলছেন ABVP যাদবপুরের মুখপাত্র?
ABVP যাদবপুরের মুখপাত্র শুভজিৎ সাহা বলেন, “মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এগুলি মুছে ফেলা হোক। আমরা তো জানি, এগুলি মুছে ফেলা হলে, পরেরদিন আবার লেখা হবে। কারণ রেজিস্ট্রারারই বেআইনি। ওঁর নিজস্ব স্বার্থ জড়িয়ে আছে। প্রধান উদ্দেশ্য শুধু এখানে দেওয়াল লেখা নয়, আসল উদ্দেশ্য হল নিজেদের প্রচুর টাকার দুর্নীতি রয়েছে, সেটা আড়াল করা। যারা সাসপেক্টেড, তাদের বাড়ির দেওয়ালে যদি যা ইচ্ছে তাই লেখা হয়, তাহলে সামলাতে পারবে তো? গণতন্ত্র থাকবে তো? সেটা যেন মাথায় রেখে কাজ করা হয়।” ইতিমধ্যেই আজ দুপুর ১২ টায় ফের দেওয়াল লিখনের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন SFI।
জানা গিয়েছে, SFI-র এই কর্মসূচির নাম রাখা হয়েছে “টেক ব্যাঙ্ক ইউর ওয়াল”। আজ দুপুর ১২টা থেকে শুরু হবে এই কর্মসূচি। SFI নেতা অভিনব বসুর কথায়, ‘যাদবপুরের দেওয়াল লিখন স্পষ্ট। এখানে ফ্যাসিবাদীদের জায়গা নেই। যতবার মুছবে, ততবার দেওয়াল লেখা হবে।’










