ড্রাইভার ছাড়াই ছুটবে রেক! ইতিহাস গড়ার মুখে কলকাতা মেট্রো

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: থাকবে না কোনও চালক। নিজে থেকেই প্রতিটি স্টপেজে দাঁড়িয়ে যাবে মেট্রো। যাত্রীদের ওঠানামা হয়ে গেলে ফের স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে দরজা। আবার ছুটতে শুরু করবে মেট্রো (Driverless Kolkata Metro)। হ্যাঁ, এবার পাতাল পথে একেবারে চালকবিহীন মেট্রো চালানোর পরিকল্পনা করছে কলকাতা মেট্রো রেল। সেই মর্মে ইতিমধ্যেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত গোটা মেট্রো করিডোরে হয়ে গিয়েছে পরীক্ষা। চালকবিহীন মেট্রো চালানোর আগে গোটার করিডোরটি পরীক্ষা করে দেখেছে কমিশন অফ রেলওয়ে সেফটি।

সত্যিই কি কলকাতায় ছুটবে চালকবিহীন মেট্রো?

মেট্রো রেল সূত্রে খবর, রবিবার বিকেল চারটে পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রেখে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে চালকবিহীন মেট্রো চালিয়ে গোটা করিডরের পরীক্ষা করেছিল কমিশন অফ রেলওয়ে সেফটি। এবার তা নিয়েই বড় দাবি করল বিজেপির পশ্চিমবঙ্গ শাখা। নিজেদের প্রচারপত্রে বঙ্গ বিজেপির তরফে দাবি করা হয়েছে, গঙ্গার নিচ থেকে চালকবিহীন মেট্রো পরিষেবা চালু করার জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরীক্ষা ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিজেপির তরফে দাবি করা হয়েছে, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত দীর্ঘ 16.6 কিলোমিটার রুটে অটোমেটিক ট্রেন অপারেশন প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে। একই সাথে 12টি স্টেশন সহ গঙ্গার নিচে থাকা জরুরী পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়েছে বলেও দাবি করা হয় বিজেপির তরফে। এবার শুধু অপেক্ষা ছাড়পত্রের। বিজেপির তরফে বলা, সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার পরই শুরু হবে চালকবিহীন মেট্রো পরিষেবা।

অবশ্যই পড়ুন: ইংল্যান্ডের ঘরে ঢুকে টেস্ট জিতে ইতিহাস লিখলেন ভারতের মেয়েরা

যদিও ঠিক কবে থেকে কলকাতার বুকে বলা ভাল, গঙ্গার নিচ থেকে চালকহীন মেট্রো পরিষেবা শুরু করা যাবে সেই সংক্রান্ত কোনও তথ্য মেলেনি। বিজেপির তরফেও এ নিয়ে কিছুই জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে, খুব শীঘ্রই, কলকাতার চালকবিহীন মেট্রো পরিষেবা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করতে পারে মেট্রো রেল কর্তৃপক্ষ।