ইংল্যান্ডের ঘরে ঢুকে টেস্ট জিতে ইতিহাস লিখলেন ভারতের মেয়েরা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হারের লজ্জার মাঝেই ইংল্যান্ডের ঘরে ঢুকে তান্ডব চালাল দেশের মেয়েরা (India Vs England) । 142 বছরের টেস্ট ইতিহাসে লর্ডসের মাঠে আয়োজিত টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় তুলে নিল ভারতীয় দল। 270 রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারাতেই ক্রিকেটের ইতিহাসে নতুন করে স্বর্ণাক্ষরে নিজেদের নাম লিখল ভারতীয় নারী বাহিনী। কেউ কেউ বলছেন, শ্রেয়স আইয়ারদের হারের বদলা তুলে নিল ভারতীয় নারী দল!

ইংল্যান্ডকে গুঁড়িয়ে ইতিহাস ভারতের মেয়েদের

লর্ডস ইংল্যান্ডের ঐতিহাসিক ক্রিকেট ক্ষেত্র। 1884 সাল থেকে এই স্টেডিয়ামে টেস্ট হচ্ছে। তবে 141 বছর পেরিয়ে এই প্রথমবারের মতো এই স্টেডিয়ামে আয়োজিত হল মেয়েদের টেস্ট। ভারত এবং ইংল্যান্ডের টেস্ট সিরিজের আজকের প্রথম ম্যাচটি ছিল লর্ডসের 151তম টেস্ট ম্যাচ। আর সেই ম্যাচেই ইংল্যান্ডকে বিরাট ব্যবধানে হারিয়ে ইতিহাস তৈরি করে ফেললেন হরমনপ্রীত কৌরেরা।

প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ভারত তুলেছিল 285 রান। পরবর্তীতে জবাব দিতে এসে 170 রান তোলে ইংল্যান্ড। এরপর 115 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। সেখানে অবশ্য 7 উইকেটে 341 রান তুলে ফেলে ভারতীয় নারী বাহিনী। ফলে ইংল্যান্ডকে জিততে হলে করতে হতো 457 রান। তবে ব্যাট করতে নেমে দেখা গেল ইংল্যান্ড দলের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল 186 রানেই। তাতেই 270 রানের বিরাট ব্যবধানে টেস্ট জিতে ইতিহাস তৈরি করে ফেললেন ভারতের নারীরা। বলে রাখা প্রয়োজন, এর আগে গত 4 জুন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে যে টেস্ট হয়েছিল সেটা ছিল লর্ডসের 150 তম টেস্টে।

অবশ্যই পড়ুন: “সবজির মতো খালি ব্যর্থ বিক্রি করে TTE-রা” রেলকে কঠোর পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের

প্রসঙ্গত, একদিনের বিশ্বকাপ জিতলেও সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্ন ভঙ্গ হয়েছিল ভারতীয় নারী বাহিনীর। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল তাঁদের। তবে সেই স্বপ্ন ভাঙলেও ইংল্যান্ডের লর্ডসের মাটিতে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই নিজেদের সর্বশক্তি প্রমাণ করলেন ভারতের বীরাঙ্গনার। বুঝিয়ে দিলেন লাল বলের ক্রিকেটেও তাঁরা অনবদ্য।