মহালয়ার সন্ধ্যায় ইডেনে মহাধামাকা! মায়ের চোখ আঁকতে পারেন নরেন্দ্র মোদী

Published:

Durga Puja 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: মহালয়ার সন্ধ্যায় ইডেনে (Eden Gardens) থাকতে চলেছে নয়া চমক, মেগা ইভেন্টের মাধ্যমে সূচনা হতে চলেছে পুজোর (Durga Puja 2026)। শুধু তাই নয়, মা দুর্গার চোখও নাকি আঁকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর বাকি মাত্র এক মাস, তারপরেই শুরু হতে চলেছে বাঙালির প্রিয় দুর্গাপুজো। তবে এবারের পুজো খানিক অন্যরকম, কারণ রাজনৈতিক পালাবদলের পরে প্রথম দুর্গাপুজো এটি। স্বাভাবিকভাবেই আগ্রহ যেমন বাড়ছে ঠিক তেমনি নানা মহলে এই পুজো নিয়ে কিছুটা সংশয়ও তৈরি হয়েছে। তাই এবারের দুর্গাপুজোর শুরুতেই ধামাকা অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সরকার।

ইডেনে মেগা ইভেন্ট

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আগামী ১০ অক্টোবর, মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে রাজ্য সরকারের তরফে। আর সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা। ইতিমধ্যে সরকারি তরফে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সবমিলিয়ে রাজ্যের পরিকল্পনা, এমন একটা মেগা অনুষ্ঠান করা হবে, যা সারা বিশ্বের কাছে কলকাতা তথা বাংলার পুজোকে আরও ভালো ভাবে তুলে ধরবে। জানা গিয়েছে, মহালয়ার সন্ধ্যায় ইডেনে মায়ের চক্ষুদানের সঙ্গেই সূচনা হবে এবারের দুর্গাপুজোর। কিন্তু তার আগে থাকছে রোড শো।

বিকেল ৪ টে থেকে শুরু হবে অনুষ্ঠান

প্রশাসনের তরফে জানানো হয়েছে, রেড রোড ধরে পুজোর শোভাযাত্রায় থাকবে ২৩টি জেলার ২৩ ধরনের নৃত্যকলা, যা তুলে ধরবে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে। নবান্ন সূত্রে খবর, পুজোর এই অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রীর সচিবালয়ের সঙ্গে দফায় দফায় এ নিয়ে বৈঠক হয়েছে। সামান্য কিছু বদল হলেও হতে পারে। তবে অনুষ্ঠানের ব্লু-প্রিন্ট চূড়ান্ত। বিকেল ৪ টে থেকে শুরু হবে অনুষ্ঠান। প্রধানমন্ত্রীকে নিয়ে যখন ইডেনে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন এক হাজার মহিলার উলুধ্বনি ও ১০ হাজার ঢাকের আওয়াজে মুখরিত হবে চারদিক। এরপর স্টেডিয়াম পরিক্রমার সময় জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল গাইবেন একের পর এক মনোমুগ্ধকর পুজোর গান।

আরও পড়ুন: শিক্ষক দিবসের খাওয়া নিয়ে অশান্তি জলপাইগুড়িতে, ছাত্রদের মারে মাথা ফাটল হেড মাস্টারের

জানা গিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইডেন চলে যাচ্ছে এসপিজির হাতে। ইডেনের এই অনুষ্ঠান থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ১০ হাজার দুর্গাপুজোর উদ্বোধন হবে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হাত ধরে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে প্রয়োজনীয় প্রস্তুতির জন্য দরপত্র ডাকার প্রক্রিয়াও এগিয়েছে। থাকছে ‘মা আসছে-উমা স্টোরি’ থিমে থ্রি ডি প্রোজেকসন ম্যাপিং শোয়ের অত্যাধুনিক ব্যবস্থা। অর্থাৎ সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে এবার রাজ্যবাসী ভিন্ন ধরনের দুর্গাপুজো দেখতে চলেছে।