ওষুধে ৫০% ছাড় থেকে বিনামূল্যে চিকিৎসা, অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু হল হেলথ কার্ড

Published:

Anganwadi Workers

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আবহে এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের (Anganwadi Workers) জন্য আনা হল বিশেষ উপহার। তাঁদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে দুর্গা মায়ের বোধনের আগেই নিয়ে আসা হল হেলথ কার্ড (Health Card)। জানা গিয়েছে, এই কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে একাধিক সুবিধা পাবেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। ওষুধের উপর থাকবে ৫০ শতাংশ ছাড়, এছাড়াও পুজোর মরশুমে যাতে তাঁরাও প্যান্ডেল পরিক্রমা করতে পারেন তার জন্য করা হবে বিশেষ ব্যবস্থা।

কর্মীদের জন্য আনা হয়েছে হেলথ কার্ড

সূত্রের খবর, গতকাল, বৃহস্পতিবার কার্শিয়াং, দুই মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরা এসেছিলেন কলকাতায়। গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের কল্যাণে তাঁদের এই নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ ১০ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে সংবর্ধনা জানায় জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। ৫২ জনের হাতে তুলে দেওয়া হয়েছিল হেলথ কার্ড। অঙ্গনওয়াড়ি কর্মীদের দেওয়া এই নতুন হেলথ কার্ডের মাধ্যমে হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন তাঁরা। তাতে খরচ লাগবে না। এছাড়াও ওষুধের উপর মিলবে পঞ্চাশ শতাংশ ছাড়। এমনকি হাসপাতালে ভর্তি হলেও বেডের ভাড়াও লাগবে না।

কী বলছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান?

জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাট্যকার কৌশিক সেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান কৃষ্ণকুমার গুপ্ত জানিয়েছেন, “উৎসবের মরশুমে সমাজের প্রতি অঙ্গনওয়াড়ি কর্মীদের দায়বদ্ধতা অপরিসীম। সেই আবহে তাঁদের প্রচারবিমুখ অবদানকে বৃহত্তর জনসমক্ষে তুলে ধরতেই এই উদ্যোগ।” তিনি আরও জানান যে, “আসলে এই অঙ্গনওয়াড়ি দিদিরাই বছরভর ব্যস্ত থাকেন অন্যের দেখভালে। মানুষের কাছে তাঁরাই তো জলজ্যান্ত দশভুজা। তাই এবার তাঁদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বোধনের ঠিক আগে তাঁদের হাতে তুলে দেওয়া হল হেলথ কার্ড।”

আরও পড়ুন: শিক্ষা ক্ষেত্রে আসছে বড় পরিবর্তন! RTI-র আওতায় আনা হচ্ছে রাজ্যের স্কুল, জারি নির্দেশিকা

রাজ্যে ক্ষমতার রদবদলের পরেই অঙ্গনওয়াড়ি কর্মীদের আর্থিক স্বস্তি দিতে মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো সাজানোর প্রতিশ্রুতিও দিয়েছে প্রশাসনিক প্রধান। আর এবার দুর্গাপুজোর প্রাক্কালে তাঁদের জন্য নিয়ে আসা হয়েছে হেলথ কার্ড। এছাড়াও কাজের চাপে কর্মীরা পরিবারের সঙ্গে ঠাকুর দেখার সুযোগও পান না, তাই তাঁদের জন্য আয়োজন করা হতে চলেছে পুজো পরিক্রমার।

google button