অনন্যা সরকার, মুর্শিদাবাদ: বৃহস্পতিবার ফারাক্কার কাছে রেললাইন ধসে পড়ায় উত্তরবঙ্গগামী ট্রেনগুলি বাতিল ও ঘণ্টার পর ঘন্টা লেট হওয়ায় বহু যাত্রী সমস্যায় পড়েছেন। বৃহস্পতিবার ভোরে তিলডাঙ্গা ও নিউ ফারাক্কা স্টেশনের মধ্যবর্তী অঞ্চলে আচমকা ভূমিধস হয়, যার ‘আপ’ লাইন ক্ষতিগ্রস্ত হয় এবং উত্তরমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তৎক্ষণাৎ মেরামতের কাজ শুরু হলেও বিকেল নাগাদ রেললাইনটি পুনরায় সচল করা সম্ভব হয়। তবে এই বিপর্যয়ের ফলে পূর্ব রেলের (Eastern Railway) তরফে মালদা ডিভিশনের অনেক ট্রেনের পথ পরিবর্তন এবং কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
নিউ ফারাক্কায় ভূমিধসে বাতিল প্রচুর ট্রেন
নিউ ফারাক্কা স্টেশন থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ দিকে রেললাইনের নীচে ৫০ মিটারেরও বেশি বড় একটি ভূমিখণ্ড ধসে পড়ায় রেললাইনগুলো হাওয়ায় ঝুলতে থাকে। সঙ্গে সঙ্গেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল এবং মালদাগামী গৌর এক্সপ্রেস সহ নিউ জলপাইগুড়িগামী ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেসের পথ পরিবর্তন করার ফলে এটি কমপক্ষে দুই ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছায়।
হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেস, কন্যাকুমারী-ডিব্রুগড় এক্সপ্রেস, তিরুবনন্তপুরম-শিলচর এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-আগরতলা এক্সপ্রেস সহ দূরপাল্লার ট্রেনগুলিকে নলহাটি-আজিমগঞ্জ-জঙ্গিপুর রুটে ঘুরিয়ে দেওয়া হয়। গৌর এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, যোগবাণী এক্সপ্রেসেরও রুট পরিবর্তন করা হয়। হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস সহ ডাউন ট্রেনগুলিকে আজিমগঞ্জের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এছাড়াও, কিউল-মালদা টাউন এক্সপ্রেস ও হাওড়া-মালদা টাউন এক্সপ্রেসের যাত্রা গন্তব্যে পৌঁছনোর আগেই শেষ করা হয়। এমনকি, মালদা ও সাহেবগঞ্জের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবাই বাতিল হয়ে যায়।
আরও পড়ুন: দেশের সেরা ১০ রেল-ডিভিশনের তালিকায় শিয়ালদহ, নয়া পালক পূর্ব রেলের মুকুটে
এখন আবার, নিউ ফারাক্কায় ভূমিধসের কারণে মালদা ডিভিশনে আরও কয়েকটি ট্রেন বাতিল করার কথা ঘোষণা করেছে পূর্বরেল। এছাড়া, ১৩১৪৭ শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেসটির পথ পরিবর্তন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ৩ সেপ্টেম্বর বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে – শিয়ালদহ থেকে মালদাগামী ১৩১৫৩ গৌর এক্সপ্রেস, শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার গামী ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদহ থেকে হলদিবাড়িগামী ১২৩৪৩ দার্জিলিং মেইল এবং শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ারগামী ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস। আর ৪ সেপ্টেম্বর বাতিল হওয়া ট্রেনগুলি হল – ৬৩৪০১/ ৬৩৪০২ সাহেবগঞ্জ – মালদা টাউন – সাহেবগঞ্জ মেমু এবং ১৩১৭৩ শিয়ালদহ – সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।










