দেশের সেরা ১০ রেল-ডিভিশনের তালিকায় শিয়ালদহ, নয়া পালক পূর্ব রেলের মুকুটে

Published:

Sealdah Division

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার রেকর্ড গড়ল শিয়ালদা ডিভিশন (Sealdah Division)। শিয়ালদা স্টেশন…এশিয়ার অন্যতম ব্যস্ত রেল ডিভিশন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই শিয়ালদা ডিভিশনের ওপর দিয়ে যাতায়াত করছেন। সেক্ষেত্রে এত বড় রেল নেটওয়ার্ক পূর্ব রেলের (Eastern Railways Zone) জন্য সামলানো মোটেও সহজ নয়। যদিও এখন গোটা দেশের মধ্যে সেরা রেল ডিভিশনের তালিকায় নাম উঠল এই শিয়ালদা ডিভিশনের। এই নিয়ে পূর্ব রেলের গর্বের শেষ নেই।

নতুন রেকর্ড গড়ল শিয়ালদা ডিভিশন

রেল সূত্রে খবর, ২০২৫-২৬ অর্থবর্ষে শিয়ালদহ ডিভিশন সাম্প্রতিক সময়ের মধ্যে নজির গড়ে ৮১ কোটি যাত্রী বহন করেছে। একই সঙ্গে মেল, এক্সপ্রেস এবং শহরতলির লোকাল ট্রেনের সার্বিক সময়ানুবর্তিতা পৌঁছেছে প্রায় ৯৫ শতাংশে। ট্রেন চলাচল, যাত্রী-নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য, রেলপথ রক্ষণাবেক্ষণ, পরিকাঠামো উন্নয়ন, যাত্রী ও পণ্য পরিবহণ এবং আয় বৃদ্ধির মতো বিভিন্ন মাপকাঠিতে এই মূল্যায়ন করা হয়। পূর্ব রেলের একমাত্র ডিভিশন হিসেবে প্রথম দশে জায়গা পেয়েছে শিয়ালদহ।

বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা

রেল সূত্রে খবর, বিগত এক বছরে ১৫টি নতুন EMU লোকাল চালু হওয়ায় শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেনের সংখ্যা বেড়ে হয়েছে ৯৪২। যাত্রী পরিষেবা উন্নত করতে শিয়ালদহ স্টেশনের প্রবেশপথ পুনর্গঠন করা হয়েছে এবং দূরপাল্লার যাত্রীদের জন্য চলতি বছরেই পঞ্চম প্রবেশপথ চালু হয়েছে। যানজট ও ভিড় নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসনের সঙ্গেও সমন্বয় করছে রেল। এদিকে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ার একাধিক স্টেশনে প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানোর কাজ চলছে। পাশাপাশি, পণ্যবাহী ট্রেন থেকে শিয়ালদহ ডিভিশনের আয় ২৯.৮ শতাংশ বেড়েছে। ১৮৩ কিলোমিটার রেলপথে সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর অনুমতিও মিলেছে।

আরও পড়ুনঃ খরচ হয়েছিল ৩ কোটি টাকা, বারাবনিতে বৃষ্টিতে ধসে গেল প্রায় ৯০ ফুটের সেই রাস্তা

নিরাপত্তার ক্ষেত্রে শহরতলির ট্রেনে কবচ প্রযুক্তি বসানোর কাজ এগিয়েছে। ৪২টি স্টেশনে স্বয়ংক্রিয় ফায়ার অ্যালার্ম এবং ১২৭টি স্টেশনে CCTV-সহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু হয়েছে। প্রাণঘাতী দুর্ঘটনা প্রায় শূন্যে নামিয়ে আনা এবং বাতিল রেলসামগ্রী বিক্রি ও যাত্রীভাড়া বহির্ভূত খাতে আয় বৃদ্ধির ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে শিয়ালদহ ডিভিশন।