বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা ভারী বৃষ্টিপাতের কারণে তিলডাঙ্গা ও নতুন ফরাক্কার মাঝে ধসে যায় রেললাইন (Eastern Railways)। যার কারণে গতকাল থেকেই ব্যাহত ট্রেন চলাচল। বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গগামী (North Bengal) প্রায় সব ট্রেন বাতিল করে দিয়েছিল পূর্ব রেল। তাতে যাত্রী ভোগান্তি একবারে চরমে উঠেছে। এমতাবস্থায়, ভূমিধস এবং ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নামেন খোদ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে বদ্ধপরিকর রেল। সেই মতোই দিন রাত এক করে কাজ করে চলেছেন রেলকর্মীরা। এহেন আবহে, ফের কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানিয়ে দিলেন পূর্ব রেলের এক আধিকারিক।
কবে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হবে?
উত্তরবঙ্গের ভূমিধস এবং ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার বিক্রম গুপ্তা সহ রেলের ঊর্ধ্বতন আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে সরেজমিনে পরিস্থিতি তদারকিতে যান জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে। এদিন ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত রেলের বিভিন্ন অংশের মেরামতির কাজ পর্যবেক্ষণ করার পর যাত্রী সুবিধার্থে যত দ্রুত সম্ভব রেল পরিষেবা স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন তিনি। আর এদিনই পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দ্রুত রেল পরিষেবা স্বাভাবিক করতে দিন রাত এক করে কাজ করছেন কর্মীরা।
এদিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি একেবারে স্পষ্ট করে জানিয়েছেন, “এই ধসের কারণে যাত্রীদের যে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে তার জন্য দুঃখিত। জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে মহশয়ার নির্দেশে এবং নজরদারিতে মালদা ডিভিশনের গ্রাউন্ড স্টাফ এবং আধিকারিকরা জোর কদমে মেরামতির কাজ চালাচ্ছেন। যত দ্রুত সম্ভব রেল পরিষেবা স্বাভাবিক করাই আমাদের লক্ষ্য।”
Shri Shibram Majhi, Chief Public Relations Officer, Eastern Railway, expressed deep concern over the disruption caused by the land subsidence near New Farakka and the inconvenience being faced by passengers.
He stated that under the close monitoring of Ms. Gitika Pandey, General… pic.twitter.com/esycWpZuSW
— Eastern Railway (@EasternRailway) September 4, 2026
আরও পড়ুন: কয়েকশো কোটির সংস্থা ছেড়ে ভিক্ষা করার সিদ্ধান্ত নিলেন এই ব্যবসায়ী, থাকবেন জঙ্গলে
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ভূমিধস এবং ভাঙন পরিস্থিতিতে একের পর এক ট্রেন বাতিল হয়ে যাওয়ায় যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয়েছিল ঠিকই, তবুও তাঁরা ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছেন। রেলের তরফে সব রকম চেষ্টা চলছে যাতে দ্রুত পরিষেবা স্বাভাবিক করা যায়। শুক্রবার সকাল পর্যন্ত রেললাইন মেরামতের কাজ শেষ করা যায়নি বলেই পরিষেবা শুরু হয়নি। তবে পূর্ব রেল যাত্রীদের আশ্বস্ত করে জানিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় চলছে রেললাইন সংস্কারের কাজ। সব ঠিকঠাক থাকলে আজ রাতের মধ্যেই কাজ শেষ করে আগামীকাল অর্থাৎ শনিবার সকালের মধ্যেই সংশ্লিষ্ট রূটে রেল পরিষেবা শুরু করা যাবে।










