প্রতি বছর হবে SSC-PSC, দায়িত্ব পেয়েই স্বচ্ছ নিয়োগের বার্তা উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

Published:

Jagannath Chattopadhyay

প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষা ব্যবস্থায় আর থাকবে না দুর্নীতি, প্রতিবছর হবে স্বচ্ছ নিয়োগ, বদলাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা…নতুন দায়িত্ব কাঁধে উঠতেই এমনই ঘোষণা করলেন রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা মন্ত্রী জগন্নাথ চ্যাটার্জি (Jagannath Chattopadhyay)। দীর্ঘ টালবাহানার পর অবশেষে গতকাল, বুধবার বিজেপি মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন করা হয়েছে। সেই অনুযায়ী উচ্চ শিক্ষার দায়িত্ব পেলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এরপরেই বিকাশ ভবনে (Bikash Bhavan) স্বচ্ছ নিয়োগ নিয়ে দিলেন বিশেষ বার্তা।

কী বলছেন নয়া উচ্চ ও কারিগরি শিক্ষা মন্ত্রী?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, “রাজ্যের শিক্ষাব্যবস্থাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করে উৎকর্ষের শীর্ষে পৌঁছে দেওয়াই এখন বিজেপি সরকারের প্রধান উদ্দেশ্য। বাঙালির কাছে পাঁচ দশক পরে নতুন সুযোগ এসেছে। ডবল ইঞ্জিন সরকার হয়েছে, তাই জাতীয় শিক্ষানীতি হুবহু মেনে নেওয়া হবে এ রাজ্যেও। আমরা রাষ্ট্রবাদী ভাবধারায় সব সময় দেশের সঙ্গে থাকবে। বাম আমলে মধ্যমেধার চাষ হয়েছে, তৃণমূল মেধাহীনতার দিকে শিক্ষাকে নিয়ে গিয়েছে। আর তাই মানুষ বিজেপি সরকার গঠন করেছে। আমরা সেই লক্ষ্যেই কাজ করব।”

প্রতি বছর হবে SSC, CSC, PSC পরীক্ষা

দায়িত্ব লাভ করার প্রথম দিনেই উচ্চ শিক্ষা মন্ত্রী আশ্বাস দেন, “এখন থেকে প্রতি বছর স্বচ্ছভাবে শিক্ষাক্ষেত্রে নিয়োগ হবে। নিয়ম মেনে SSC, CSC, PSC হবে। শুধু দরকার মেধা, কাউকে টাকা দিয়ে চাকরি পেতে হবে না।” একই সঙ্গে কলেজ-বিশ্ববিদ্যালয়ে তৃণমূল সরকারের দাপট নিয়ে জগন্নাথবাবু বলেন, “কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্বশাসন বজায় থাকবে। শিক্ষা ক্ষেত্রে শুধু যে আর্থিক দুর্নীতি হয়েছে এমনটা নয়, উচ্চ শিক্ষায় অন্য নানা ধরনের দুর্নীতি হয়েছে। সেই সব আটকানো হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে নির্ধারিত সময়ের মধ্যেই অফিসে প্রবেশ করতে হবে কর্মীদের। আগে যেভাবে সরকারি আধিকারিকরা থাকতেন সে রকম ভাবে চলবে না। স্বজন-পোষণ বন্ধ করতে হবে।”

আরও পড়ুন: ‘ওই জঞ্জাল আর চাই না’— কংগ্রেসে মমতার কামব্যাক জল্পনা নিয়ে বিস্ফোরক একাধিক কংগ্রেস নেতা

সাম্প্রতিক সুরেন্দ্রনাথ কলেজে এসি বেডরুম এবং অন্যান্য বিলাসবহুল আয়োজন নিয়েও তৃণমূল সরকারকে জগন্নাথ কটাক্ষ করেন। তিনি বলেন, “যেখানে কলেজে লাইব্রেরি থাকার কথা, সেখানে এসবের খবর আসছে। এ থেকেই বোঝা যায় রাজ্যের শিক্ষার অবস্থা। গত ১৫ বছরে যেভাবে অত্যন্ত ভাবে খারাপ অবস্থা পরিণত হয়েছে। শিক্ষা ক্ষেত্রে এমন কোনও ক্ষেত্র নেই যেখানে খারাপ অবস্থানে। এক থেকে দেড় ঘন্টা রিভিউ করার পর দেখলাম সমস্ত জায়গায় খারাপ অবস্থা। তবে এবার আর শিক্ষাব্যবস্থায় দমবন্ধ পরিস্থিতি থাকবে না, আমূল পরিবর্তন হবে। নতুন টিম কাজ করবে শিক্ষা দপ্তরে। ”