অনন্যা সরকার, দার্জিলিং: হাতে ধরা কামরূপ এক্সপ্রেসের ডিজিটাল টিকিটের কপি। কিন্তু উঠতে চান দার্জিলিংয়ের জনপ্রিয় টয় ট্রেনে (Darjeeling Toy Train)। এরকমই একটি ঘটনা সম্প্রতি সামনে এসেছে। একটি পরিবার ভারতীয় রেল (Indian Railways) ও আইআরসিটিসি (IRCTC)-এর বিরুদ্ধে অভিযোগ করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন। তাঁদের দাবি টিকিট থাকা সত্ত্বেও তাঁদের টয় ট্রেনে উঠতে দেননি টিকিট পরীক্ষক। এই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছে চর্চা। আসলে কী ঘটেছে চলুন জেনে নেওয়া যাক।
এক্সপ্রেস ট্রেনের টিকিট নিয়ে টয় ট্রেনে সফর করার চেষ্টা
প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যায় ছয় সদস্যের একটি পরিবার দার্জিলিংয়ের টয় ট্রেনে যাত্রা করবে বলে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। তাঁরা ক্ষুব্ধ হয়ে তাঁদের হাতে থাকা ডিজিটাল টিকিটের কপিটি দেখাচ্ছেন। টিকিটগুলি ২৩ অক্টোবর খাগরাঘাট রোড থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার ১৫৯৬১ কামরূপ এক্সপ্রেসের। অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই টিকিটে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে দ্বারা পরিচালিত টয় ট্রেনে সফর করা সম্ভব নয়।
ওই পরিবারের এক মহিলা টিকিটগুলি দেখিয়ে দাবি করেন এই টিকিট তাঁরা টয় ট্রেনে সফর করার জন্য দু’মাস আগে আইআরসিটিসি (IRCTC)-এর ওয়েবসাইট থেকে কিনেছেন। কিন্তু ট্রেনে ওঠার সময় টিকিট পরীক্ষক তাদের সাফ জানিয়ে দেন যে এই টিকিটে টয় ট্রেনে ভ্রমণ করা যাবে না। কারণ এগুলি কামরূপ এক্সপ্রেসের টিকিট। এর সাথে দার্জিলিং টয় ট্রেনের কোনো সম্পর্ক নেই। ওই মহিলা এও জানান যে, এই বিষয়ে তাঁদের কোনো সুরাহা করে দিতে পারেননি টিকিট পরীক্ষক। ঘটনাটি তাঁদের পরিকল্পনার বাইরে হওয়ায় শিশুদের নিয়ে এখন তাঁরা কী করবেন বুঝে উঠতে পারছেন না।
আরও পড়ুন: ফের এনকাউন্টার বাংলায়, সামশেরগঞ্জে খুনের আসামিকে গুলি করে খতম করল পুলিশ
এছাড়াও, তিনি ভিডিওতে দাবি করেন যে টিকিটে নাম থাকা কামরূপ এক্সপ্রেসটি দু’বছর আগেই বন্ধ হয়ে গেছে, তাহলে তার টিকিট কীভাবে কাটা যাচ্ছে। যদিও, তাঁর এই দাবি সঠিক নয়। কামরূপ এক্সপ্রেস একটি অপারেশনাল ট্রেন, যা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির ওপর দিয়ে আসামের ডিব্রুগড় পর্যন্ত যাতায়াত করে।
ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, একটি ট্রেনের টিকিট কেবল সেই নির্দিষ্ট ট্রেন ও রুটের জন্যই বৈধ। কামরূপ এক্সপ্রেস হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করে, অন্যদিকে দার্জিলিং টয় ট্রেন নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত চলে, তাই দুটি ট্রেনের জন্য আলাদা টিকিটের প্রয়োজন। তাই টিকিট পরীক্ষক এক্ষেত্রে পুরোপুরি নিয়ম মেনেই পদক্ষেপটি নিয়েছেন।
আরও পড়ুন: সরকারি প্রাথমিক স্কুলে বসছে ওয়াটার পিউরিফায়ার, বিরাট উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের
ভিডিওটি দেখে অনেকেই ওই পরিবারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কামরূপ এক্সপ্রেসের টিকিট ব্যবহার দিয়ে তারা কীভাবে টয় ট্রেনে ওঠার আশা করতে পারেন? এই ঘটনাটি প্রমাণ করে যে, ট্রেন সফর করার আগে টিকিটের ধরন ও নির্ধারিত রুট সম্পর্কে ভালোভাবে জেনে রাখা খুবই জরুরি। তা না হলে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে।










