রাজ্যে বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত শুরু হল মহিলাদের, লাগছে এই নথি

Published:

Free Bus Ride For Women

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যেমন কথা, তেমন কাজ। আজ অর্থাৎ পহেলা জুন থেকে বাংলায় শুরু হল মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা (Free Bus Ride)। জানা যাচ্ছে, আজকের তারিখ থেকেই সরকারি এসি, নন এসি লোকাল বাসের পাশাপাশি দূরপাল্লার বাসে চেপে রাজ্যের যেকোনও প্রান্তে পৌঁছে যেতে পারবেন নারীরা। লাগবে না কোনও ভাড়া। পরিবহন দপ্তরের উদ্যোগে আপাতত যাত্রীরা নিজেদের সরকারি পরিচয় পত্র দেখিয়ে ফ্রিতে যাতায়াত করতে পারবেন। যদিও পরবর্তীতে প্রত্যেক যোগ্য মহিলার হাতে তুলে দেওয়া হবে স্মার্ট কার্ড।

স্মার্ট কার্ডের জন্য আবেদন করবেন কোথায়?

বাংলায় ক্ষমতায় আসতেই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করতে পারবেন। কথা মতোই যাতে পহেলা জুন থেকেই সিদ্ধান্ত কার্যকর হয় সেদিকে কড়া নজর রেখেছিল মুখ্যমন্ত্রীর দপ্তর। অবশেষে পরিবহন দপ্তরের তৎপরতায় আজ থেকেই রাজ্যজুড়ে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু হয়ে গেল।

বাসে ফ্রি ভ্রমণ করতে লাগছে এই নথি

সরকারি সূত্র মারফত যা জানা যাচ্ছে, আপাতত স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত সরকারি পরিচয় পত্র, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, জব কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের মতো নথি দেখিয়ে বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন নারীরা। তবে পরবর্তীতে প্রত্যেক মহিলাকে দেওয়া হবে একটি করে স্মার্ট কার্ড। এই কার্ডেই থাকবে মহিলার নাম, ছবি সহ কিউআর কোড। জানা যাচ্ছে, এই কার্ডের জন্য স্থানীয় বিডিও বা এসডিও অফিসে আবেদন পত্র জমা দিতে হবে।

তবে যতদিন না পর্যন্ত এই স্মার্ট কার্ড বিলি করার কাজ শুরু হচ্ছে ততদিন মহিলারা বাসে উঠে নিজের সরকারি পরিচয় পত্র কন্ডাক্টরকে দেখাবেন। পরবর্তীতে সেটা যাচাই করার পরই বাসের কন্ডাক্টার মহিলাকে বিনামূল্যে যাতায়াত করতে দেবেন। বলাই বাহুল্য, সরকারের ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ পহেলা জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন বহু মহিলা। সোমবার সকাল থেকেই রাজ্যের নানান প্রান্তে শুধুমাত্র সরকারি নথি দেখিয়ে নিখরচায় বাসে যাতায়াত করছেন নারীরা। সেই খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়।

 

অবশ্যই পড়ুন: মন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজেপির ৩৫ বিধায়ক, তালিকায় কারা কারা? দেখুন

প্রসঙ্গত, সপ্তাহের প্রথম দিন থেকেই রাজ্যের মহিলাদের বিনামূল্যে সরকারি বাসের যাতায়াত নিয়ে ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। X এ একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, “পাহাড় থেকে সমতল মহিলারা পাচ্ছেন বিনামূল্যে যাতায়াতের সুফল। দেশের নারীশক্তির সশক্তিকরণে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির স্বপ্নকে বাস্তবায়নের পথে এক ধাপ এগলো পশ্চিমবঙ্গ।” পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়ে, রাজ্যে সোমবার প্রথম ট্রিপে এসি নন এসি মিলিয়ে 600 সরকারি বাস চালানো হবে। তবে অনেকেই বলছেন, বিনামূল্যে বাস পরিষেবা চালু হওয়ায় এবার থেকে সরকারি বাসে মহিলাদের ভিড় অনেকটাই বাড়বে।