মন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজেপির ৩৫ বিধায়ক, তালিকায় কারা কারা? দেখুন

Published:

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: আর মাত্র বাকি কয়েক ঘণ্টা, অপেক্ষার অবসান ঘটিয়ে আজ, সোমবার বাংলার নতুন সরকার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা (West Bengal Cabinet) গঠিত হতে চলেছে। গতকাল, রবিবার নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে এই আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানিয়েছেন, সোমবার সকালেই লোকভবনে শপথ নিতে চলেছেন ৩৫ জন নতুন মন্ত্রী। আর তাঁদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর. এন. রবি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সম্ভাব্য তালিকা।

কারা স্থান পেতে পারেন তালিকায়?

সূত্রের খবর, নতুন সরকারের মন্ত্রিসভার তালিকায় যে ৩৫ জনের নাম উঠে আসছে, তাঁরা হলেন তাপস রায়, স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ, অর্জুন সিং, দীপক বর্মন, কলিতা মাজি, বিশাল লামা, মৌমিতা বিশ্বাস মিশ্র, জোয়েল মূর্মূ, জগন্নাথ চট্টোপাধ্যায়, শারদ্বত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ, পূর্ণিমা চক্রবর্তী, দুধকুমার মণ্ডল, গার্গী ঘোষ দাস, মালতী রাভা রায়, অশোক দিন্দা-সহ প্রমুখের। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পেয়েছেন বলে খবর। সব ঠিক থাকলে এঁদের মধ্যে ১৩ জন পূর্ণাঙ্গ মন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হবেন। জানা গিয়েছে, আজ, সোমবার, সকাল ১১টায় লোকভবনে, রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে শুরু হবে শপথগ্রহণের অনুষ্ঠান।

মন্ত্রীর সংখ্যা হবে ৪১ জন

এর আগে, গত ৯ মে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ ৫ জন মন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। সেই তালিকায় মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু। অর্থাৎ, বর্তমানে মন্ত্রিসভার সদস্য সংখ্যা মাত্র ৬। আজ শপথ গ্রহণের পর মন্ত্রীর সংখ্যা হবে ৪১ জন। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভার আসন সংখ্যা অনুযায়ী রাজ্যে সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী পদে থাকতে পারেন। তাহলে সেক্ষেত্রে আরও তিনজনকে মন্ত্রিসভায় নেওয়া হতে পারে। তবে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অর্থ দপ্তর নিজের হাতেই রাখতে পারেন।

আরও পড়ুন: ট্রেনে এই ৪ ভুল করলেই জেল, রেলের নিয়ম জানেন তো?

উল্লেখ্য, দিন কয়েক আগেই দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেএ এই বিষয়ে নিয়ে তিনি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি-সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠকও করেছিলেন। বিজেপি সূত্রে পাওয়া খবর, মন্ত্রক বণ্টনের ক্ষেত্রে প্রত্যেকের যোগ্যতা, দক্ষতাকে যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে তেমনি গুরুত্ব দেওয়া হচ্ছে জেলার প্রতিনিধিত্বে। বিভিন্ন জাতি এবং সমাজের বিভিন্ন স্তরের বিধায়কদের প্রতিনিধিত্বও মাথায় রাখা হচ্ছে। এখন দেখার আজ কোন দফতর কার দায়িত্বে আসতে চলেছে।