সহেলি মিত্র, কলকাতাঃ শিক্ষকদের (Teacher) জন্য রইল দারুণ সুখবর। অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত পোর্টাল খুলতে চলেছে সকলের জন্য। সরকারি কলেজের শিক্ষক, গ্রন্থাগারিক ও শারীরশিক্ষা প্রশিক্ষকদের বদলি ও পারস্পরিক বদলির (Mutual Transfer) প্রক্রিয়া সহজ করতে অনলাইন মডিউল চালু করছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। এ বার থেকে নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করতে হবে। ফলে কাগজে আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া বন্ধ হচ্ছে।
সরকারি কলেজে বদলি প্রক্রিয়ায় বড় বদল
শিক্ষক, গ্রন্থাগারিক ও শারীরশিক্ষা প্রশিক্ষকেরা শিক্ষাগত, স্বাস্থ্য বা পারিবারিক কারণে বদলির আবেদন করতে পারবেন। আবেদনের সময় পছন্দের মহকুমা বা কলকাতা মেট্রোপলিটন এলাকার পোস্টিংও জানানো যাবে। এখনও নিষ্পত্তি না হওয়া পুরনো কাগজের আবেদনগুলির ক্ষেত্রেও নতুন করে অনলাইনে আবেদন করতে হবে। পুরনো আবেদনগুলি আর আলাদা ভাবে বিবেচনা করা হবে না।
কিছু শর্ত মানতে হবে
পারস্পরিক বদলির ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত থাকছে। দু’জন আবেদনকারীকে একই বিষয়ের হতে হবে। অনলাইন আবেদনে পছন্দের শিক্ষক বা কর্মীর নাম এবং সংশ্লিষ্ট কলেজের নাম উল্লেখ করতে হবে। উচ্চশিক্ষা দফতর জানিয়েছে, ছ’মাস অন্তর অর্থাৎ বছরে দু’বার বদলির আবেদন নেওয়া হবে। এতে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আসার পাশাপাশি পরিকল্পিত ভাবে পোস্টিং দেওয়া সম্ভব হবে। কলেজে শিক্ষক-শিক্ষিকার সঙ্গে পড়ুয়াদের অনুপাতও গুরুত্ব পাবে।
আরও পড়ুনঃ ডিএ দিয়েও আবার টাকা কেটে নিয়েছে সরকার? প্রকাশ্যে উঠে এল চাঞ্চল্যকর দাবি
দফতরের দাবি, নতুন ব্যবস্থায় বদলির আবেদন গ্রহণ ও নিষ্পত্তি আরও স্বচ্ছ ও পরিকল্পিত হবে। ২০১২ সালের ১৫ জুনের নির্দেশের ধারাবাহিকতায় এই বিজ্ঞপ্তি কার্যকর করা হয়েছে। লেডি ব্রেবোর্ন কলেজের অধ্যক্ষা শিউলি সরকার উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ হবে।










