সহেলি মিত্র, কলকাতা: বাংলার বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছে। কবেই মামলার সুরাহা হবে সেই প্রশ্নই উঠছে বারবার। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের তরফে তৈরি করা ইন্দু মালহোত্রার কমিটি আগামী ১২ সেপ্টেম্বর ডিএ মামলা নিয়ে আন্দোলনকারীদের সমস্ত অভিযোগ শুনলে বলে দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। নয়াদিল্লিতে সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবে বিচারপতির কমিটি। যদিও এই বৈঠকের আগেই ডিএ নিয়ে আবারও একবার বিস্ফোরক মন্তব্য করলেন সরকারি কর্মচারী সংগঠনের নেতা তথা ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়। তিনি যে জানালেন তা সকলের মধ্যে নতুন করে সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। ডিএ দেওয়ার পরেও কি টাকা কেটে নেওয়া হচ্ছে? এই নিয়ে জবাব দিলেন তিনি।
ডিএ দিয়েও টাকা কেটে নিল সরকার?
এক ভিডিও বার্তায় মলয় মুখোপাধ্যায় বলেন, ‘সরকার যেটা মাইনাস করেছে, যে ৬% ডিএ পেয়েছি, আপনারা বলছেন যে ৬ হবে না, মাইনাস ৩ করে দিয়েছেন। ওয়েস্ট বেঙ্গল CPI অনুযায়ী সরকার এই কাজ করেছে। সরকার ৩% কেটে নিয়েছে। বাম আমলে কিন্তু আমরা ৬% বকেয়া ডিএ তিন কিস্তিতে পেয়েছি। কিন্তু এখন সরকার টাকা দিয়েও আবার কেটে নিয়েছে। আমরা বলেছি, কোনও সময়ে ডিএ দিয়ে আবার কেটে নেওয়া যায়? এই বিষয়গুলি আমরা আদালত তুলতে পারিনি।’
কী প্রতিক্রিয়া কর্মীদের?
তিনি আরও বলেন, ‘সেদিন বিষয়টির ওপর দৃষ্টিপাত হয়নি ঠিকই, কিন্তু আগামী ২৮ অক্টোবর আবারও মামলার শুনানি রয়েছে। আমরা সেদিন সব জানাবো।’ এই নিয়ে অনেকে অনেক কথা লিখেছেন। একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ডিএ দিয়ে সেটা কেটে নেওয়ার নজির নেই এবং ভবিষ্যতেও হবে না। কেননা মহার্ঘ কমে যাওয়ার কোন সম্ভাবনাই নেই।’
আরও পড়ুনঃ সাধ্যের মধ্যে ফ্ল্যাট মিলবে উত্তর থেকে দক্ষিণবঙ্গে! ৩,৫০০ আবাসন বানাবে নবান্ন
অপর একজন লিখেছেন, ‘যেই দিন থেকে লাল চিরকুট কিংবা সাদা খাতার বদলে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়ে কর্মচারীরা ১০০% ধর্মঘট সফল করতে সক্ষম হবে, সেই দিন আর কোনো বঞ্চনা থাকবে না। যদিও এই রাজ্যে যা অলীক স্বপ্ন।’ একজন লিখেছেন, ‘শুনুন ওসব বলে লাভ নেই। আন্দোলন আবার গড়ে তুলুন। একই কথা আপনারা সব সংগঠন ভ্যান ভ্যান করবেন না। আপনাদের দেখলেই এখন পিত্তি জ্বলে যায়।’










